চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে অনুমোদনহীন একটি অবৈধ কারখানায় সাবান তৈরি করে বাজারজাতকরণের অপরাধে আমান উল্লাহ নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১০ মে) দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন ফটিকছড়ির সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন।
অভিযানে এনএসআই চট্টগ্রাম জেলা, ভূজপুর থানা পুলিশ, বিএসটিআই ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় কারখানা থেকে আনুমানিক ২৭ হাজার ৬০০ কেজি বল সাবান, বিপুলসংখ্যক খালি মোড়ক, সুগন্ধি ও সাড়ে ৩০০টি কেমিক্যালের ড্রাম জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ টাকা।
জানা যায়, অনুমোদন না থাকলেও পণ্যের মোড়কে বিএসটিআইয়ের লোগো এবং নকল রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে দীর্ঘদিন ধরে নিম্নমানের বল সাবান বাজারজাত করছিল এজাহার মিয়া অ্যান্ড সোপ নামে একটি প্রতিষ্ঠান। মূলত পার্বত্য চট্টগ্রামের তিন জেলার বিভিন্ন উপজেলায় এসব সাবান বাজারজাত করা হতো।
আমান উল্লাহ নামে এক ব্যক্তি এ প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছিল। দণ্ডপ্রাপ্ত আমান উল্লাহ ফটিকছড়ির ভূজপুরের কাটিরহাটের বাসিন্দা।
পরে জব্দ করা মালামাল বিএসটিআইয়ের ফিল্ড অফিসার ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে।
মনির/পপি/অমিয়/