চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, ‘সম্প্রতি সামান্য বৃষ্টিতে চট্টগ্রাম নগরের নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে, তাই আতঙ্কও বাড়ছে।’
সোমবার নগরের টাইগারপাস এলাকায় চসিকের সম্মেলন কক্ষে নগরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের সভায় তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে অনেক সমস্যা হচ্ছে। দুবাই ও নিউইয়র্ক শহরে পানি উঠছে। কাজেই পানি উঠবে না, এটা কেউ বলতে পারবে না। খালের দুপাশে গাইডওয়াল দিলেই কাজ শেষ নয়। মাটি অপসারণ করে খাল গভীর করতে হবে।’
মেয়র আরও বলেন, ‘পাহাড় কাটা বন্ধ করতে হবে। পাহাড়ের মাটি এসে নালা ভরছে। এতে চসিককে লাখ লাখ টাকা খরচ করতে হচ্ছে। পাহাড় কাটা বন্ধে সব সংস্থা একযোগে কাজ করতে হবে। নগরের ৩৬টি খালের কাজ চলছে। বাকি ২১টি খালের অবস্থা খারাপ। কোনোটা ভরাট হয়ে গেছে। কোনোটা খাল দখল হয়ে গেছে। এগুলো উদ্ধারে আমরা পরিকল্পনা করছি।’
এ সময় আরও উপস্থিত ছিলেন সিডিএর চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ, চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা লতিফুল হক কাজমী, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মেজর মো. রকিবুল ইসলাম, চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী শিবেন্দু খাস্তগীর, সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস ও চসিকের বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরা।