কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৭ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কক্সবাজারের টেকনাফের মতিউর রহমানের ছেলে মোহাম্মদ হোসেন (৩০), চট্টগ্রামের বাশখালীর বাহারছড়া গ্রামের নুরুল আবছারের ছেলে বদরুল হাসান রিয়াদ (২৬),লক্ষ্মীপুরের মানছুর মিয়া (২৮) ও নোয়াখালী চাটখিলের পলাশ হোসেন(২৭)।
আহতদের মধ্যে ১০ জনের নাম জানা গেছে। তারা হলেন- টেকনাফ উপজেলার মতিউর রহমানের ছেলে ফিরোজ (৪০), একই এলাকার আলী আহমেদের ছেলে মোক্তার হোসেন (৪০), ফজলুর রহমান (৪২), আরাফাত (৩৪), সিয়াম (৩২), সোহাগ (২৮), কামরুন নাহার (২৫), স্বপন শিকদার (২৫), রফিকুল ইসলাম (৩০), মনির (৩০)।
এসআই নজরুল ইসলাম বলেন, ‘ঢাকা থেকে কক্সবাজারগামী রিলাক্স পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসকরা পাঁচজনকে মৃত ঘোষণা করেন। এর মধ্যে বিকেল তিনটা পর্যন্ত আমরা চারজনের পরিচয় শনাক্ত করতে পেরেছি। নিহত অপরজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’
জহির শান্ত/সালমান/