চট্টগ্রামে ২০২৪ সালে ২৪ লাখ বৃক্ষ শোভা ছড়াবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
তিনি বলেন, গতবারের রোপণ করা ২৩ লাখ বৃক্ষ থেকে যেগুলো টিকেনি সেগুলো পুনঃস্থাপন করা হবে। এই ২৩ লাখের সঙ্গে আরও এক লাখ যোগ করে ২০২৪ সালে ২৪ লাখ বৃক্ষে শোভিত হবে চট্টগ্রাম।
রবিবার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউজে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক উন্নয়ন সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিনা অনুমতিতে গাছ কাটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বন আইন কিংবা পরিবেশ আইনে সংশোধন আনা হবে। ২০২৩ সালের রোপণ করা ২৩ লাখ বৃক্ষের বর্তমান অবস্থা জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দ্রুত অডিট করতে নির্দেশ দেন তিনি।
জেলা প্রশাসক বলেন, ‘সর্বজনীন পেনশন স্কিম রেজিস্ট্রেশনে চট্টগ্রাম জেলা সর্বাধিক ৪০ হাজারের অধিক রেজিস্ট্রেশন নিয়ে এক নম্বরে রয়েছে। এই অগ্রযাত্রা যেন ব্যাহত না হয় সেদিকে লক্ষ রাখতে হবে। জন্ম মৃত্যু নিবন্ধনের ব্যাপারে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।’
তাছাড়া আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির হাটের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে নির্দেশ দেন তিনি।
সভায় চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, চট্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএম ইফতেখারুল/জোবাইদা/অমিয়/