২০২৪ সনের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর কুমিল্লা শিক্ষাবোর্ডের আওতাধীন ৩০ হাজার ৮৯৮ জন শিক্ষার্থী ৭৫ হাজার ৮৫টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন বলে জানা গেছে।
সোমবার (২০ মে) সন্ধ্যায় কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা যায়।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, ২০২৪ সনের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ৩০ হাজার ৮৯৮ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে ৭৫ হাজার ৮৫টি উত্তরপত্র পুন:নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করে। এর মধ্যে গণিতে সবচেয়ে বেশি ১২ হাজার ১৭২টি আবেদন জমা হয়।
জানতে চাইলে কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. নিজামুল করিম বলেন, আবেদনকৃত উত্তরপত্রগুলো পুনর্নিরীক্ষণের নীতিমালা অনুযায়ী যথাযথভাবে যাচাই বাচাই শেষে আগামী ১১ জুন ফলাফল প্রকাশিত হবে। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ১২ ও ১৩ জুন কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।
উল্লেখ্য, গত ১২ মে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৭৯ দশমিক ২৩। ফলাফল প্রকাশের দিনই কুমিল্লা শিক্ষাবোর্ডে সূত্রে জানা গিয়েছিলো- এ বছর এ বোর্ডে গণিত বিষয়ের ফলাফল তুলনামূলক ‘খারাপ’ হয়েছে। ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদনেও সেই চিত্রই দেখা গেছে। ফলাফল প্রকাশের পরদিন ১৩ মে থেকে ১৯ মে পর্যন্ত অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়।
জহির শান্ত/এমএ/