কুমিল্লার লাকসামে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে) সকালে লাকসাম পৌরসভার রাজঘাট এবং কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতারা হলেন- ইরুয়াইন এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে মো. সামসুর রহমান (৩৫) এবং রাজঘাট উত্তর পাড়ার সাইফুল ইসলামের ছেলে মোহাম্মদ মাহি (৩)।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাব উদ্দিন খবরের কাগজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সকাল পৌনে ৯টায় রাজঘাটে মোহাম্মদ মাহি ঘরের পাশে থাকা বৈদ্যুতিক মোটরে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে মোটরের সঙ্গে আটকে যায়। পরে তার বড় বোন সায়মা (৭) তাকে স্পর্শ করলে সেও বিদ্যুৎপৃষ্ট হয়। পরে সায়মার চিৎকার শুনে পরিবারের লোকেরা মাহিকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মো. সামসুর রহমান (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ইরুয়াইন নাগরাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় তার নিজের মুদি দোকানের পেছনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিয়ে সংযোগ খোলার সময় সামসুর বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জহির/পপি/