চট্টগ্রামের সীতাকুণ্ডের মৌলভীপাড়া গ্রামে ফসলি জমিতে জাহাজভাঙা শিল্পের বর্জ্য শোধনাগার স্থাপন না করতে স্থানীয় সংসদ সদস্য, পৌর মেয়রসহ অংশীজনেরা সুপারিশ করেছেন।
বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক অংশীজন সভায় এ সুপারিশ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এস এম আল মামুন।
বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম। এ ছাড়াও জাইকা, জাহাজভাঙা শিল্পমালিক, ইকোপার্ক, বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, বেজা, কৃষি ও প্রাণিসম্পদ বিভাগ, স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা অংশ নেন।
সভায় পৌর মেয়র বদিউল আলম বলেন, ‘পৌরসভার মতো জনবহুল এলাকায় কৃষি জমি নষ্ট করে টিএসডিএফ প্রকল্প স্থাপন যৌক্তিক হবে না। এতে ওই এলাকার জনজীবনে বিরূপ প্রভাব পড়বে। সেই সঙ্গে ইকোপার্কের প্রাণপ্রকৃতি ও জীববৈচিত্র্য অস্তিত্বসংকটে পড়বে। ধ্বংস হবে শত একর ফসলি জমি। একসময় গোটা পৌর এলাকা বসবাসের অনুপযুক্ত হবে। তাই এখানে এটি স্থাপন বন্ধ করা সর্বস্তরের জনতার প্রাণের দাবি।’
সভায় সংসদ সদস্য এস এম আল মামুন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ফসলি জমিতে কোনো স্থাপনা করার পক্ষে নন। এটি লোকালয়ে করা হলে জনজীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। এটি স্থাপন না করতে আমি সুপারিশ করছি। আগে মানুষ বাঁচতে হবে, এরপর বর্জ্য শোধনাগার।’