কুমিল্লার দেবিদ্বারের সংসদ সদস্য (এমপি) আবুল কালাম আজাদের পরিবারের তিন সদস্যই এখন জনপ্রতিনিধি। তার বাবা নুরুল ইসলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তিনি নিজে এমপি এবং সবশেষ উপজেলা পরিষদ নির্বাচনে তার ছোট ভাই মামুনুর রশিদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একই পরিবারের তিনজন জনপ্রতিনিধি হওয়ার বিষয়টি নিয়ে চলছে মুখরোচক নানা আলোচনা।
জানা গেছে, ২০১৬ সালে বরকামতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন নুরুল ইসলাম। ২০২১ সালে দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে নৌকা প্রতীকে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয় তার ছেলে মো. আবুল কালাম আজাদ। ২০২২ সালে নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয় দফায় ইউপি চেয়ারম্যান হন মো. নুরুল ইসলাম। ২০২৩ সালের ২০ নভেম্বর উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মো. আবুল কালাম আজাদ প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন। গত বুধবার তার ভাই মো. মামুনুর রশিদ বিপুল ভোটে দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত চার বছরে নুরুল ইসলামের পরিবার থেকে প্রথমে ইউপি সদস্য, চেয়ারম্যান, সংসদ সদস্য এবং এবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন।
এ বিষয়ে সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. মামুনুর রশিদ বলেন, ‘আমার পরিবারসহ সবার মতামত নিয়ে দেবিদ্বারকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করব। আমার পুরো পরিবার দেবিদ্বারবাসীর কাছে চিরঋণী হয়ে থাকবে। আমার বাবা ও ভাইয়ের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে দেবিদ্বরবাসী আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন।’
এ বিষয়ে মো. আবুল কালাম আজাদ বলেন, ‘দেবিদ্বারের মানুষ দীর্ঘদিন শোষিত হয়েছেন। একটি চক্রের কাছে তারা জিম্মি ছিলেন। মানুষ এই চক্র থেকে মুক্তি পেতে আমার পরিবারের প্রতি আস্থা রেখেছেন। আমার বাবা বরকামতা ইউপির চেয়ারম্যান হয়ে দীর্ঘদিন মানুষের সেবা করে আসছেন। বাবার অনুপ্রেরণায় ২০২১ সালে উপজেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হই। এরপর ২০২৩ সালে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে সংসদ সদস্য পদে নির্বাচন করি। গত ৭ জানুয়ারি দেবিদ্বারের মানুষ আমাকে বিপুল ভোটে জয়ী করেন। আমার বাবা, আমি ও আমার ছোট ভাই জনপ্রতিনিধি হয়েছি। দেবিদ্বারের মানুষ আমার পরিবারকে যা দিয়েছে, এই ঋণ শোধ করতে পারব না। এবার আমাদের কিছু দেওয়ার পালা। আমরা তিনজন মিলে দেবিদ্বারকে একটি শিক্ষা ও পরিবেশবান্ধব মডেল দেবিদ্বার গড়ে তুলব।’
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফুর রহমান বাবুল বলেন, ‘এক পরিবারের ওপর পুরো দেবিদ্বারবাসীর আস্থা ও বিশ্বাসের কারণে এমন হয়েছে। আবুল কালাম আজাদ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তার প্রতি মানুষের আস্থা আরও বেড়েছে। তিনি দেবিদ্বারকে একটি অপরাজনীতির দুঃশাসন থেকে রক্ষা করেছেন। তাই এলাকাবাসী এবার তার ভাই মামুনুর রশিদকে চেয়ারম্যান পদে নির্বাচিত করেছেন।’