চট্টগ্রামের কোতোয়ালি থানার ফলমন্ডি এলাকার একটি দোকানে হালখাতা শেষে ক্যাশবাক্স থেকে এক কোটি আট হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ওই দোকানের ম্যানেজার মো. আব্দুল কাদির (২৫)।
পরে মালিক থানায় এসে বিষয়টি জানালে পুলিশ অভিযান পরিচালনা করে মো. মাসুদুল আলম (৩০) নামে এক আসামিকে গ্রেপ্তার করে। একই সঙ্গে তার কাছ থেকে ৯৬ লাখ ৮০ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
সোমবার (১ জুলাই) রাতে আনোয়ারা উপজেলার গহিরা দোভাষী বাজারের বেড়িবাঁধ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি মঙ্গলবার (২ জুলাই) ভোরে খবরের কাগজকে নিশ্চিত করেছেন নগর পুলিশের দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আশরাফুল করিম।
জানা যায়, গত ২৮ জুন নগরের স্টেশন রোডের ফলমন্ডি এলাকার রেলওয়ে মেন্স সুপার মার্কেটের মেসার্স তৈয়্যবিয়া ফার্মের মালিক মো. আলী হোসেন আরিফ কোতোয়ালি থানায় এসে জানান যে তার প্রতিষ্ঠানের ম্যানেজার মো. আব্দুল কাদির (২৫) ক্যাশবাক্স থেকে এক কোটি আট হাজার টাকা আত্মসাৎ করে পালিয়েছেন। পরে এ ঘটনায় তিনি মামলা দায়ের করেন।
এরই প্রেক্ষিতে নগর পুলিশের দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আশরাফুল করিমের নির্দেশনায় গঠিত পুলিশের টিম নগরের বাকলিয়া থেকে ৫০ লাখ টাকা উদ্ধার করে। পরে ১ জুলাই রাতে আনোয়ারা থেকে মাসুদুল আলমকে গ্রেপ্তার করা হয় এবং তার তথ্যমতে ৪৬ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আশরাফুল করিম খবরের কাগজকে বলেন, ‘আমরা অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছি এবং দুই দফায় মোট ৯৬ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করেছি। বাকি আসামিকেও গ্রেপ্তারে অভিযান চলছে।’
মনির/সাদিয়া নাহার/অমিয়/