পাবনার ঈশ্বরদীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাত ৪টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের ঢুলটি গ্রামের মিজানুর রহমান জিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মুলাডুলি ইউনিয়ন বিট পুলিশিংয়ের এসআই সেলিম রেজা।
সংঘবদ্ধ ডাকাতরা হাত-পা বেঁধে অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে ডাকাতি করে। তারা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন নিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
পুলিশ জানায়, মিজানুর রহমান জিয়া ও রুবেল হোসেন দুই ভাই একই সঙ্গে বাড়িতে বসবাস করেন। প্রাইভেটকারের তেলের প্রয়োজনে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে মিজানুর রহমান তার গাড়ি নিয়ে বের হন গেটের তালা না লাগিয়েই। এ সুযোগে ডাকাতরা বাড়িতে ঢুকে ঘরের আলমারি থেকে স্বর্ণ, নগদ টাকা, মোবাইল ফোন ডাকাতি করে পালিয়ে যায়।
মিজানুর রহমানের ছোট ভাই রুবেল হোসেন জানান, ভোর বেলায় তেলপাম্পে ভিড় কম থাকে, এ কারণে বড় ভাই মিজানুর রহমান ভোর ৩টা ৫৫মিনিটের দিকে গাড়িতে তেল নিতে বাড়ি থেকে বের হন। কিন্তু তিনি গেট খোলা রেখে যাওয়ায় ডাকাতদল বাড়িতে ঢুকে পিস্তল ও রামদা টেকিয়ে আমাদের সকলের হাত-পা বেঁধে ফেলে জিম্মি করে। তারা ঘরের আলমারি থেকে নগদ সাড়ে তিন লাখ টাকা, ১০-১২ স্বর্ণ এবং ৬টি মোবাইল ফোন ডাকাতি করে নিয়ে পালিয়ে যায়। পরে ৯৯৯ নম্বরে ফোন করা হলে পুলিশ বাড়িতে আসে।
মুলাডুলি ইউনিয়ন বিট পুলিশিংয়ের এসআই সেলিম রেজা বলেন, ভোর ৪টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়ির গেট খোলা পেয়ে ডাকাতরা বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ডাকাতি করেছে বলে জানা গেছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মুলাডুলির ঢুলটিতে ডাকাতির ঘটনা নিয়ে পুলিশ কাজ শুরু করেছে। আশা করছি শীঘ্রই ডাকাতদের ধরা হবে।
জাহাঙ্গীর হোসেন/মাহফুজ