লক্ষ্মীপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ের ঢুকে শিক্ষক-শিক্ষার্থীসহ ২০ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে সুমন হোসেন নামে এক 'নেশাগ্রস্ত' বখাটের বিরুদ্ধে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে পৌরসভার (১নং ওয়ার্ড) উত্তর মজুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলাকালে এ হামলার ঘটনা ঘটে। এরপর শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অভিযুক্ত সুমন স্থানীয় গনি মিয়া মেস্তুরি বাড়ির বাসিন্দা।
পুলিশ ও শিক্ষকরা জানান, 'অন্যদিনের মতো বুধবার সকাল থেকে বিদ্যালয়ে পাঠদান চলছিল। হঠাৎ নেশাগ্রস্ত অবস্থায় সুমন হোসেন স্কুলের ওয়াশরুমে ঢুকতে চাইলে শিক্ষার্থীরা নিষেধ করে। এতে সুমন ক্ষিপ্ত হয়ে স্কুলের লাইব্রেরিতে এসে গালমন্দ করে। একপর্যায়ে শিক্ষক সেতারা পারভিন এবং শিক্ষার্থী রেদোয়ান হাছান রুপম, মো. ইয়াছিন, অনুশ্রী রানী দাস, আনাফ শারিয়ারসহ অন্তত ২০জনকে পিটিয়ে ও মারধর করে আহত করেন। এ সময় শিক্ষার্থীদের চিৎকারে আশপাশের লোকজন এসে সুমনকে আটক করে পুলিশে সোর্পদ করে। পাশাপাশি আহত শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্ধার করে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়।
সুমনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে স্থানীয়রা জানান, সুমন এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী ও নেশাগ্রস্ত। এর আগেও এলাকায় বিভিন্ন শিক্ষার্থীদের উত্ত্যেক্ত করার অভিযোগে থানায় মামলা রয়েছে। নতুন করে আবারো বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এটা কোনোভাবে মেনে নেওয়া যায়না।
প্রধান শিক্ষক হাসিনা আক্তার বলেন, 'সকালে হঠাৎ করে এক যুবক এসে আমাদের শিক্ষার্থীদের ওপরে হামলা চালায়। এ সময় তাকে বাধা দিতে গেলে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। বিদ্যালয়ের দরজা-জানালা ভাঙচুর করে। এ সময় ১৫ শিক্ষার্থী ও ৩ শিক্ষকসহ অন্তত ২০জন আহত হয়। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এসএন/মেহেদী/