ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে জামিনে বের হয়ে যাওয়া এক আসামির নাম-ঠিকানা ব্যবহার করে কৌশলে পালিয়ে গেছে হৃদয় (২৮) নামে হত্যা মামলার আরেক আসামি।
গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটলেও আজ শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়।
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জেল পালানো হৃদয় জেলার কসবা উপজেলার নিমবাড়ি এলাকার মুজিবুর মিয়ার ছেলে।
কারাগার সূত্রে জানা গেছে, কসবা থানার একটি হত্যা মামলায় অন্তঅবর্তীকালীন হাজতের পরোয়ানা মূলে গত বছরের ৭ ডিসেম্বর জেলা কারাগারে যান হৃদয়। পরবর্তী সময়ে গত ২৯ জানুয়ারি দুপুরে জামিনে কারামুক্ত নবীনগর থানার একটি মামলার আসামি দিদার হোসেনের নাম-ঠিকানা ব্যবহার করে জামিনপ্রাপ্ত অন্য বন্দিদের মুক্তি দেওয়ার সময় কৌশলে পালিয়ে যান হৃদয়। এ ঘটনায় ইতোমধ্যে কারাগারের দায়ী কর্মকর্তা-কর্মচারীদের শোকজ করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জানান, আসামি পলায়নের ঘটনায় গঠিত তদন্ত কমিটি করে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে। এছাড়া জেলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
আজিজুল/মাহফুজ