নোয়াখালী-৩ আসনের বেগমগঞ্জে জামায়াত প্রার্থীকে ভোট দিলে তাদের চিহ্নিত করে এলাকা ছাড়া করার হুমকির অভিযোগ উঠেছে মির জুমলা মিঠু নামে এক বিএনপি নেতা বিরুদ্ধে। এ ঘটনায় তাকে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে বেগমগঞ্জ উপজেলার বিচারিক কমিটির সিভিল জজ নিশি আক্তার শোকজের বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেন।
জানা গেছে, নোয়াখালী-৩ আসনের বিএনপির প্রার্থী বরকত উল্লাহ বুলুর পক্ষে ভোট করছেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এবং আলাইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। আলাইয়ারপুর ইউনিয়নের একটি উঠান বৈঠকে দেওয়া তার একটি বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়।
যাতে তিনি বলেন, ‘মনে রাখবেন, যারা স্থানীয় জামায়াতের ভোট করে তাদের চিহ্নিত করে রাখবেন। আমরা তাদের থেকে জবাব আদায় করে ছাড়ব। আমরা তাদেরকে এলাকায় থাকতে দেব না-এইটা হলো আমাদের সাফ কথা। এই বক্তব্য অনেকে রেকর্ড করলেও কিছু আসে যায় না।’
পরে বিষয়টি জানার পর বেগমগঞ্জ নির্বাচনি অনুসন্ধান কমিটি মির জুমলা মিঠুকে শোকজ করেন। তিনি মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ওই শোকজের জবাব দিয়েছেন অভিযুক্ত বিএনপি নেতা।
বিষয়টি নিশ্চিত করে বিচারিক কমিটির সিভিল জজ নিশি আক্তার খবরের কাগজকে বলেন, অভিযুক্ত বিএনপির নেতা শোকজের জবাব দিয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) অভিযোগকারীদের পক্ষের স্বাক্ষীদের ডাকা হয়েছে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে মির জুমলা মিঠুকে বার বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। তার মোবাইলে মেসেজ দিলেও তিনি তার কোনো উত্তর দেননি।
বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস ভিডিওর কণ্ঠ বিএনপি নেতা মির জুমলা মিঠুর বলে নিশ্চিত করেন। তবে তিনি দাবি করেন, জামায়াতের বাহিরাগত লোকজন এলাকায় গিয়ে মারামারি করে। তাদেরকে চিহ্নিত করে রাখতে বলেছেন মির জুমলা মিঠু।
মজনু/মাহফুজ