চট্টগ্রামে একটি ঝুটের গোডাউনে আগুন লাগিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা।
বুধবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকার এ ঘটনা ঘটে। ওই এলাকার বেপারিপাড়ায় একটি জুট গোডাউনে ১০ থেকে ১৫ জনের মুখোশ পরা একটি দল গুদামের কর্মীদের বের করে দিয়ে আগুন দেয়।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে নির্বাপণ কাজ শুরু করে। ঘন্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে তা জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা বলেন, মুখোশধারী একদল লোক হঠাৎ এসে গোডাউনের ভেতরে থাকা শ্রমিকদের বের করে আগুন লাগিয়ে দেয়। তবে কারা কেন আগুন দিয়েছে, এই বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন বলেন, চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকায় একটি গোডাউনে আগুনের খবর পেয়ে আমাদের টিম গেছে। তারা কাজ করছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। কেউ নাশকতার চেষ্টা করলে ছাড় পাবে না।
আবদুস সাত্তার/এসএন