কক্সবাজার শহর ও টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কক্সবাজার শহরের বাইপাস সড়কের বিকাশ বিল্ডিং এলাকার মোটরসাইকেল গ্যারেজকর্মী মোহাম্মদ কামরুল (১৮), বিজিবি ক্যাম্প এলাকায় বসবাসকারী মহেশখালী উপজেলার কামাল উদ্দিন (৩৫) এবং টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকার ইসহাক আহমদ (৬৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় বাস টার্মিনালমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল এক পথচারীকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহীও ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা আহত দুজনকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন জব্দ করা হয়েছে।
অন্যদিকে, একই দিন সকাল ১১টার দিকে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকায় একটি মোটরসাইকেলের ধাক্কায় ইসহাক আহমদ নামে এক বৃদ্ধ নিহত হন। তিনি সড়ক পারাপারের সময় দুর্ঘটনার শিকার হন।
বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক দুর্জয় বিশ্বাস জানান, কক্সবাজারে বেড়াতে আসা দুই পর্যটক ভাড়ায় নেওয়া মোটরসাইকেলযোগে টেকনাফ যাচ্ছিলেন। পথিমধ্যে দুর্ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা আহত বৃদ্ধকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর মোটরসাইকেল আরোহীরা পালিয়ে গেলেও যানবাহনটি জব্দ করা হয়েছে।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. শহীদুল আলম জানান, পৃথক সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হলে তাদের মৃত ঘোষণা করা হয়। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তারেকুর রহমান/এসএন