জামালপুরের নরুন্দি রেলওয়ে স্টেশনে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি ও দ্বিতীয় প্ল্যাটফর্ম নির্মাণের দাবিতে মানববন্ধন ও ট্রেন আটকিয়ে অবরোধ করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশনে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি এবং প্ল্যাটফর্ম নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে এলাকাবাসী।
মানববন্ধন চলাকালে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি নরুন্দি স্টেশনে পৌঁছালে স্থানীয়দের অবরোধের মুখে পড়ে। এ সময় ট্রেনটি অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী।
অবরোধ চলাকালে নরুন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক সুফিয়ান কবীর শিপন, নরুন্দি ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ ইউসুফ আলীসহ অন্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ‘জামালপুর–ময়মনসিংহ–ঢাকা রুটে ছয়টি আন্তঃনগর ট্রেন চলাচল করলেও মাত্র দুটি আন্তঃনগর ট্রেন নরুন্দি স্টেশনে যাত্রাবিরতি করে। এই অঞ্চলের পাঁচটি ইউনিয়নের প্রায় দুই লাখ মানুষ এই পথে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে। কিন্তু সব ট্রেনে যাত্রাবিরতি না থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তাই সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি, স্টেশনের উন্নয়ন এবং দ্বিতীয় প্ল্যাটফর্ম নির্মাণের দাবি জানান তারা।’
ঘণ্টাব্যাপী ট্রেন অবরোধ শেষে রেলওয়ে কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
নরুন্দি রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মাহমুদুল হক বলেন, ‘স্থানীয়রা অনেক দিন ধরেই এই দাবিগুলো জানিয়ে আসছেন। বিষয়টি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’
জুয়েল/রিফাত/