জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ধানক্ষেত থেকে আশুরা (৪৮) নামে এক তালাকপ্রাপ্ত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) মধ্যরাতে উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের সাঁতার গুচ্ছগ্রাম সংলগ্ন আটিদাশা মুনজার এলাকায় সিরাজুল ইসলামের জমির ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শনিবার (১১ এপ্রিল) এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সাবেক স্বামী বাবলু মন্ডলকে সকাল ৯টার দিকে মামুদপুর ইউনিয়নের আইমাপুর নামাজগর মাঠের একটি অগভীর নলকূপ ঘর থেকে আটক করেছে পুলিশ।
আটককৃত বাবলু মন্ডল সুতার গুচ্ছগ্রামের মোফাজ্জল ওরফে মফের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাবলুর তিনজন স্ত্রী ছিল, যার মধ্যে আশুরা ছিলেন তৃতীয়। ডিভোর্সের পর আশুরা আদালতে নারী ও শিশু নির্যাতন এবং যৌতুকের মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।
ঘটনার দিন বাবলু তার সাবেক স্ত্রী আশুরাকে নিয়ে দিনভর বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেন। ধারণা করা হচ্ছে, ওইদিনই আশুরাকে হত্যা করে মরদেহ ধানক্ষেতে ফেলে রাখেন তিনি। পরে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এদিকে শনিবার সকালে ঘাতক স্বামী বাবলু মন্ডলকে আটক করে পুলিশ।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ মোকলেছুর রহমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পারিবারিক কলহের জেড় ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সাগর কুমার/অন্তরা