কক্সবাজারের টেকনাফে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ তিন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। গ্রেপ্তাররা সীমান্ত দিয়ে আসা মাদকের বড় চালানের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র পাহারাদার হিসেবে কাজ করতো বলে জানিয়েছে র্যাব।
মঙ্গলবার (১৪ এপ্রিল) খুব ভোরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উত্তর কাঞ্জর পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১৫ এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় পহেলা বৈশাখের ছুটির সুযোগে ওই এলাকায় একটি বড় মাদকের চালান হাতবদলের প্রস্তুতি চলছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান চালায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মো. রাশেদ প্রকাশ রাসেল (২৫), মো. সোহেল উদ্দিন প্রকাশ লালু (২৩) ও এহসান উল্লাহকে (২৫) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় তৈরি একনলা বন্দুক (এলজি), ৮ রাউন্ড তাজা কার্তুজ ও একটি বড় রামদা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের পেশাদার মাদক কারবারি হিসেবে স্বীকার করে এবং জানায়, তারা মাদকের চালানের নিরাপত্তায় নিয়োজিত ছিল। র্যাব জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক পাচার, দস্যুতা ও অস্ত্র প্রদর্শনের একাধিক মামলা রয়েছে।
র্যাব-১৫ এর এক কর্মকর্তা বলেন, পহেলা বৈশাখকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা মাদক পাচার না ঘটে, সে জন্য বিশেষ টহল জোরদার করা হয়েছে। পলাতক সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র আইন, ১৮৭৮ এবং দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করে জব্দ করা আলামতসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
শাহীন/নাঈম