ঈদুল আজহা উপলক্ষে বন্দীদের জন্য নামাজের পাশাপাশি বিশেষ খাবারের আয়োজন করেছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। সরকারি বিধি অনুসরণ করেই চার দেয়ালের ভেতরে থাকা কারাবন্দীদের ঈদ আনন্দমুখর করতে চেষ্টা করা হচ্ছে।
জানা গেছে, চট্টগ্রাম কারাগারে ২ হাজার ২৪৯ জন বন্দীর ধারণক্ষমতা রয়েছে। বর্তমানে সেখানে প্রায় ৬ হাজার বন্দী অবস্থান করছেন। কারা কর্তৃপক্ষ দুটি ঈদ জামাতের আয়োজন করেছে। প্রথম জামাতে কারা কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেবেন। এরপর বন্দীদের জন্য থাকবে আলাদা জামাত। ঈদের দিন বন্দীরা সকালের নাস্তায় পাবেন পায়েস ও মুড়ি৷ দুপুরে পাবেন গরুর মাংস ও পোলাও। তবে অন্য ধর্মাবলম্বীদের জন্য থাকবে খাসির মাংস। রাতে আলুর দম ও রুই মাছ ভাজার ব্যবস্থা রাখা হয়েছে।তবে এই রান্না কোন বাবুর্চি দিয়ে করানো হবে না। কয়েদিরা ২৮টি চুলায় রান্না করবেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ বলেন, ঈদ মানেই আনন্দ। ঈদের দিন বন্দীদের মুখে হাসি ফোটাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি বছরের মতো এবারও কারাগারে থাকছে বিশেষ খাবার, ঈদের জামাত এবং বন্দীদের জন্য বাড়তি কিছু আয়োজন। আমরা ঈদের দিন দুপুর ও রাতে বিশেষ খাবার পরিবেশন করব। ঈদের পরদিন স্বজনরা চাইলে বাসায় রান্না করা খাবার বন্দীদের কাছে পৌঁছে দিতে পারবেন। পাশাপাশি কোনো অপরাধ না করেও কারাগারে ঈদ কাটাবে ৪০ শিশু। বন্দী মায়েদের সঙ্গে থাকা এসব শিশুর জন্য কারাগারে খেলাধুলা ও পড়াশোনার ব্যবস্থাও রয়েছে।
এসএন/