হবিগঞ্জের লাখাইয়ে নিখোঁজের একদিন পর সরিষা খেত থেকে মানসুরা বেগম (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মুড়িয়াউক গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। মৃত শিশু মনসুরা বেগম ওই গ্রামের টেনু নিয়ার মেয়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ঘাস কাটার জন্য মনসুরা সরিষা খেতে যায়। সন্ধ্যা ঘনিয়ে এলেও সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকেন কিন্তু সেদিন তাকে পাওয়া যায়নি। পরে শনিবার সকালে বাড়ির অদূরে সরিষা খেতে তার মরদেহ দেখতে পান স্বজনরা এবং তার পাশে ঘাস কাটার কাচি ও বস্তাও রাখা ছিল।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল হক জানান, মরদেহের গলায় তার পড়নের কাপড় প্যাঁচানো ছিল। ধারণা করা হচ্ছে নির্যাতনের পর তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনার নিখুঁত তদন্ত করছে পুলিশ।
কাজল সরকার/নাঈম