পঞ্চম শ্রেণির লেখাপড়া: বাংলা
এই দেশ এই মানুষ
প্রশ্ন: ‘ধর্ম যার যার উৎসব সবার’— এ কথার দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর: অনেক বৈচিত্র্যময় বাংলাদেশের জনজীবন। এ দেশে আছে নানা ধরনের উৎসব। মুসলমানদের রয়েছে দুটো ঈদ। ঈদুল ফিতর ও ঈদুল আজহা, হিন্দুদের দুর্গাপূজাসহ আছে নানা উৎসব আর পার্বণ।
বৌদ্ধদের আছে বৌদ্ধপূর্ণিমা, খ্রিষ্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন। এ ছাড়া রয়েছে নানা উৎসব। পয়লা বৈশাখ— নববর্ষের উৎসব। রাখাইনদের সাংরাই ও চাকমাদের বিজু উৎসব। প্রতিটি ধর্মের মানুষই স্বাধীনভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করে থাকে। এক ধর্মের উৎসব-আনন্দ অন্য ধর্মের লোকেরাও উপভোগ করতে পারে। এভাবে এক ধর্মের উৎসব সব ধর্মের উৎসবে পরিণত হয়। তাই বলা হয়েছে, ‘ধর্ম যার যার, উৎসব সবার।’
প্রশ্ন: দেশকে কেন ভালোবাসতে হবে?
উত্তর: দেশ মানে এর মানুষ, জনপদ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র এই সব। দেশ হলো জননীর মতো। মা যেমন স্নেহমমতা ও ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, দেশও তেমনই তার আলো, বাতাস আর সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। তাই মাকে আমরা যেমন ভালোবাসি, দেশকেও তেমনই ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন।
প্রশ্ন: নিচের অনুচ্ছেদ অবলম্বনে ৩টি প্রশ্ন তৈরি করো।
দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র—এই সব। দেশ হলো জননীর মতো। মা যেমন আমাদের স্নেহ-মমতা ভালোবাসা দিয়ে আগলে রাখেন, দেশও তেমনই আমাদের বাঁচিয়ে রেখেছে। এ দেশকে আমাদের ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন।
উত্তর: প্রদত্ত অনুচ্ছেদ অবলম্বনে ৩টি প্রশ্ন সময়ের হিসেবে হলো:
১. ‘দেশ’ মানে কী?
২. দেশকে ভালোবাসতে হবে কেন?
৩. আমাদের জীবন কীভাবে সার্থক হয়ে উঠবে?
প্রশ্ন: জেলেদের পেশা কী? তারা যদি কাজ না করে, তাহলে আমাদের কী হতে পারে?
উত্তর: জেলেদের পেশা হলো মাছ ধরা। জেলেরা বাংলাদেশের এক অন্যতম পেশাজীবী। তারা পুকুর, খাল-বিল, নদী ও সাগরে মাছ ধরার কাজ করেন। তারা যদি তাদের পেশাগত কাজ না করেন, তাহলে আমাদের মাছের চাহিদা পূরণ হবে না। আমরা নানা রোগে আক্রান্ত হতে পারি। কারণ, মাছ আমাদের অন্যতম পুষ্টিকর খাবার। এটি আমিষজাতীয় খাদ্যের প্রধান উৎস।
সংকল্প
প্রশ্ন: নিচের শব্দগুলোর অর্থ লিখ।
সংকল্প, বদ্ধ, যুগান্তর, দেশান্তর, কিসের নেশায়, বরণ, মরণ-যন্ত্রণা, ডুবুরি, দুঃসাহসী, চন্দ্রলোক, অচিনপুর, ফেড়ে।
উত্তর:
প্রদত্ত শব্দ শব্দের অর্থ
সংকল্প প্রতিজ্ঞা, ইচ্ছা
বদ্ধ বন্ধ
যুগান্তর এক যুগ পর আরেক যুগ
দেশান্তর এক দেশ থেকে আরেক দেশ
কিসের নেশায় কী আকর্ষণে, কী উদ্দেশ্যে
বরণ কোনো কিছু সাদরে গ্রহণ
মরণ-যন্ত্রণা মৃত্যুর মতো কঠিন যন্ত্রণা
দুঃসাহসী অত্যধিক সাহসী
চন্দ্রলোক চাঁদের দেশ
অচিনপুর অচেনা জায়গা
ফেড়ে চিরে
লেখক: সহকারী শিক্ষক
ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ, বসুন্ধরা, ঢাকা
জাহ্নবী