একটি প্রজন্মকে ভরাট কণ্ঠের কারিশমা দিয়ে আচ্ছন্ন করে রেখেছেন তিনি। প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিয়েছেন সুর, তাল, লয়ের উন্মাদনা। দিন যতই গড়াচ্ছে তার জনপ্রিয়তাও বাড়ছে দ্বিগুণ হারে। তারায় তারায় রটিয়ে দিয়েছে তার ক্ষ্যাপাটে অবয়বের ধ্বনি-প্রতিধ্বনি। শহর, নগর কিংবা গ্রাম যেখানেই গিয়েছেন সেই স্থানের যোগ্য বাউল হয়ে উঠেছেন তিনি। বলছি রক সুপারস্টার মাহফুজ আনাম জেমসের কথা। এ দেশের রক গানের ভক্তদের কাছে তিনি গুরু ও নগরবাউল হিসেবেই সুপরিচিত।
এ উপমহাদেশের অন্যতম সেরা রকস্টার জেমসের জন্মদিন আজ। শুভ জন্মদিন জেমস। ৫৯ বছরে পা দিলেন এই রক লিজেন্ড। ১৯৬৪ সালের ২ অক্টোবর নওগাঁয় জন্মগ্রহণ করেন তিনি। তবে তিনি বেড়ে উঠেছেন চট্টগ্রামে। তার বাবা ছিলেন সরকারি কর্মচারী, যিনি পরবর্তী সময়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বাবার সঙ্গে গান নিয়ে অভিমান করে বাড়ি ছেড়েছিলেন এই রকস্টার।
১৯৮০ সালে জেমস প্রতিষ্ঠা করেন ‘ফিলিংস’ নামের একটি ব্যান্ড। তিনি নিজেই ব্যান্ডের প্রধান গিটারিস্ট ও ভোকালিস্ট ছিলেন। ১৯৮৭ সালে তার প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’ প্রকাশ পায়। ১৯৮৮ সালে ‘অনন্যা’ নামের অ্যালবাম রিলিজ করে সুপারহিট হয়ে যান জেমস। সেই থেকে সফলতার যাত্রা শুরু তার। আর কখনও কোনও দিন পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।
এরপর ১৯৯০ সালে ‘জেল থেকে বলছি’, ১৯৯৬ সালে ‘নগরবাউল’, ১৯৯৮ সালে ‘লেইস ফিতা লেইস’, ১৯৯৯ সালে ‘কালেকশন অব ফিলিংস’ অ্যালবামগুলো ফিলিংস ব্যান্ড থেকে বের হয়।
এ ছাড়া জেমসের অন্যান্য অ্যালবাম হলো- নগরবাউল থেকে ‘দুষ্টু ছেলের দল’, ‘বিজলি’, একক অ্যালবাম ‘অনন্যা’, ‘পালাবি কোথায়’, ‘দুঃখিনী দুঃখ করোনা’, ‘ঠিক আছে বন্ধু’, ‘আমি তোমাদেরই লোক’, ‘জনতা এক্সপ্রেস’, ‘তুফান’, ‘কাল যমুনা’।
সিনেমার গানেও জেমস সফল হয়েছেন। তার গাওয়া বেশ কিছু গান চলচ্চিত্রে সুপারহিট হয়েছে। ‘দেশা: দ্য লিডার’, ‘সত্তা’ সিনেমার গান গেয়ে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও ব্যাপক জনপ্রিয় এই নগরবাউল তারকা। বাংলা গানের পাশাপাশি বলিউড সিনেমায় গান গেয়ে জয় করেছেন কোটি শ্রোতার হৃদয়। বলিউডে তার গাওয়া ‘ভিগি ভিগি’(গ্যাংস্টার), ‘চল চলে’ (ও লামহে) এবং ‘আলবিদা’, ‘রিস্তে’ (লাইফ ইন অ্যা মেট্রো), ‘বেবাসি’ (ওয়ার্নিং) গানগুলো তুমুল জনপ্রিয় হয়েছে।
জেমসের গাওয়া শেষ অ্যালবাম প্রকাশ পায় টানা এক যুগ পর। গত বছর প্রকাশ পায় একক অ্যালবাম ‘আই লাভ ইউ’। নতুন গানে জেমসের কণ্ঠ কম পাওয়া গেলেও দেশ-বিদেশে স্টেজ শোতে তার উপস্থিতি রয়েছে নিয়মিত। গানের পাশাপাশি চিত্রশিল্পী হিসেবেও রয়েছে তার সুনাম।