বিশ্বকাপ শুরু হলেই দেশের পাড়া-মহল্লা থেকে শহরের অলিগলি—সবখানেই ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের উন্মাদনা শুরু হয়। ছাদজুড়ে বিশাল পতাকা, প্রিয় দলকে ঘিরে তর্ক-বিতর্ক, খুনসুটি আর আবেগে যেন পুরো দেশই পরিণত হয় এক টুকরো উৎসবে।
বাংলাদেশের এই চিরচেনা বিশ্বকাপ-সংস্কৃতিকেই পর্দায় তুলে আনছে নতুন ওয়েব সিরিজ ‘ব্রাজেন্টিনা ক্লাব’। এবারের ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশের সমর্থকদের উন্মাদনা, প্রতিদ্বন্দ্বিতা এবং মজার সব ঘটনাই উঠে আসবে আট পর্বের এই সিরিজে। বিশ্বকাপের আসর বসবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়, কিন্তু সমর্থকদের আবেগে যেন আরেকটি বিশ্বকাপ বসবে বাংলাদেশের পাড়া-মহল্লায়—এমন গল্পই বলা হবে হাস্যরসের মোড়কে।
সিরিজটি পরিচালনা করেছেন তারিক মুহাম্মাদ হাসান। এতে অভিনয় করেছেন ফুটবলার জামাল ভূঁইয়া, তাসনুভা তিশা, লামিমা লাম, শরাফ আহমেদ জীবন, সহীদ উন নবী ও ইশতিয়াক আহমেদ রোমেল।
নির্মাতা তারিক মুহাম্মাদ হাসান বলেন, বাংলাদেশের মহল্লাগুলোতে বিশ্বকাপ এলেই যে মজার মজার ঘটনা ঘটে, সেগুলোই সিরিজে তুলে ধরা হয়েছে।
তার কথায়, ‘ওয়ার্ল্ডকাপ উত্তেজনার মধ্যে বাংলাদেশের মহল্লায় মহল্লায় মজার মজার যে কাণ্ড ঘটে তাই দেখানো হয়েছে এতে। খুব সাধারণ গল্পগুলো আমরা মজা করে তুলে এনেছি।’
‘ব্রাজেন্টিনা ক্লাব’-এর মাধ্যমে প্রথমবার অভিনয়ে নাম লিখিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। অভিনয়ের নতুন অভিজ্ঞতা নিয়ে তিনি জানান, এর আগে বিজ্ঞাপনে কাজ করলেও নাটক বা সিরিজে অভিনয় এবারই প্রথম।
জামাল বলেন, ‘এর আগে কয়েকটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকলেও নাটকে বা সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা এবারই প্রথম।’অভিনয়ের অভিজ্ঞতাকে ‘ম্যাজিক্যাল’ উল্লেখ করে তিনি আরো বলেন, ‘পুরো বিষয়টি বেশ ম্যাজিক্যাল লাগছে। ক্যামেরার সামনের অভিনয়ের ব্যাপারটা সহজ নয়।’
নিজের অভিনয় নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া নিয়েও বেশ খোলামেলা জামাল। তিনি বলেন, ‘আমার অভিনয় দেখে দর্শকরা মজা করুক, মিমস বানাক, ট্রল করুক—তাতে আমার কোনো আপত্তি নেই।’
জানা গেছে, ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে আগামী ৭ জুলাই থেকে সিরিজটি স্ট্রিমিং শুরু হবে। আট পর্বের এই সিরিজের প্রতিটি পর্বের দৈর্ঘ্য প্রায় ২৫ মিনিট।
/এসএল