বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টিফোরের সাংবাদিক মাহমুদ হোসেনকে মারধরের মামলায় এক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এই আদেশ দেন আদালত।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক জিহান হোসাইন আসামি আব্দুল করিম মোল্লাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে আসামির আইনজীবী এম এ মালেক তালুকদার জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত মাহমুদ হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদেশে আসামির জামিন শুনানির জন্য আগামী ৩১ ডিসেম্বর দিন ধার্য করেন আদালত।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক এশারত আলী জানান, সাংবাদিক মাহমুদ হোসেন গত ১৬ ডিসেম্বর রাত ২টা ৪০ মিনিটের দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন এশা গার্ডেন সিএনজি পাম্পে প্রাইভেট গাড়িতে গ্যাস নিতে যান। সেখানে একটি প্রাইভেট গাড়ির চালকের সঙ্গে মাহমুদ হোসেনের গাড়িচালক বাবর আলীর কথা-কাটাকাটি হয়। মাহমুদ হোসেন পরিস্থিতি স্বাভাবিক করতে আব্দুল করিমের সঙ্গে কথা বলেন। কিন্তু তাতে তিনি আরও উত্তেজিত হয়ে ফোন করে ২০-২৫ জন লোক জড়ো করেন। লাঠিসোঁটা নিয়ে তারা মাহমুদ হোসেন ও তার ড্রাইভারসহ গাড়িতে হামলা চালায়। এতে গাড়ির ৫০ হাজার টাকার ক্ষতি হয়। দুর্বৃত্তরা তাদের কাছে থাকা ২৩ হাজার টাকা নিয়ে যায়। দুর্বৃত্তদের এলোপাতাড়ি আঘাতে মাহমুদ ও তার ড্রাইভার আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।