বিমানবন্দরের কাস্টম গুদাম থেকে ৫৫ কেজি সোনা চুরির ঘটনায় দায়ের করা মামলায় সহকারী রাজস্ব কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ও সাইদুল ইসলাম সাহেদের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহম্মেদ হুমায়ুন কবির শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
তাদের রিমান্ডে চেয়ে পুলিশের আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেন আদালত।
মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের পাঁচ দিনের রিমান্ডে নিতে এই আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
গত ১৩ সেপ্টেম্বর সহকারী রাজস্ব কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, সাইদুল ইসলাম সাহেদ, আকরাম শেখ, মো. মাসুম রানা এবং সিপাহী মো. মোজাম্মেল হক, মো. নিয়ামত হাওলাদার, মো. রেজাউল করিম ও মো. আফজাল হোসেনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পরে গত ১৮ সেপ্টেম্বর পাঁচ দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়। এরপর সহকারী রাজস্ব কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, সাইদুল ইসলাম সাহেদ ও সিপাহী মো. আফজাল হোসেনকে আবার পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।
অপরদিকে বাকি পাঁচ আসামি কারাগারে আটক রাখার আবেদন করেন। আর সহকারী রাজস্ব কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, সাইদুল ইসলাম সাহেদ ও সিপাহী মো. আফজাল হোসেনকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের ওপর শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তার তিনজনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
একটি দৈনিক পত্রিকায় গত ২২ আগস্ট প্রকাশিত সংবাদে বলা হয়, ঢাকা কাস্টম হাউজের বিমানবন্দর ট্রানজিট গুদামে ৫৫ কেজি সোনা পাওয়া যাচ্ছে না। অর্থাৎ ছয়টি ডিটেনশন মেমোর পণ্যের হিসাবে গরমিল।
সোনা চুরির এ ঘটনা ঢাকা শুল্ক বিভাগের নজরে আসে গত বছরের ২ সেপ্টেম্বর। তবে বিষয়টি জানাজানি হয় পরদিন ৩ সেপ্টেম্বর। বিমানবন্দরের কাস্টম হাউজের নিজস্ব গুদামে দিনভর ইনভেন্টরি শেষে ৫৫ কেজি সোনা চুরি বা বেহাত হওয়ার সত্যতা নিশ্চিত হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় মামলা হয় অজ্ঞাতদের আসামি করে। এসব সোনার দাম প্রায় ৫০ কোটি টাকা। এ ঘটনায় শুল্ক বিভাগ একজন যুগ্ম কমিশনারের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
সোনা চুরির ঘটনায় কাস্টম হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন বাদী হয়ে ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে বিমানবন্দর থানায় এ মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঢাকা কাস্টম হাউজের গুদাম থেকে ৫৫ কেজি ৫০১ গ্রাম সোনা খোয়া গেছে, যার আনুমানিক বাজারমূল্য ৫০ কোটি টাকার বেশি। সাধারণত বিমানবন্দরে যাত্রীদের কাছ থেকে জব্দ করা সোনার বার, অলংকারসহ মূল্যবান জিনিস এ গুদামে রাখা হয়। গুদামে রক্ষিত সোনার হিসাব মেলাতে গিয়েই ঘটনাটি প্রকাশ্যে আসে।