সম্প্রতি ফুটপাতে মাথায় ইট পড়ে এক ব্যাংকারের মৃত্যুর ঘটনায় রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে রাজধানীর মৌচাকের ওই ঘটনায় বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়েছেন আদালত।
সোমবার (২৯ জানুয়ারি) এই রুল জারি করেন আদালত।
বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালত বলেছেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে, তদন্ত চলছে। অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া হবে না।
গত ১০ জানুয়ারি রাজধানীর মৌচাকে ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় পাশের উঁচু ভবন থেকে মাথায় ইট পড়ে নিহত হন ব্যাংক কর্মকর্তা দিপু সানা। তার মৃত্যুর ঘটনা তদন্তে জনস্বার্থে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ও তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মোশারফ হোসেনের দায়ের করা এই রিটের পক্ষে আদালতে ছিলেন আইনজীবী ছফওয়ান করিম। রিটে স্বরাষ্ট্র সচিব ও রাজউকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
ওই নারী ব্যাংকারের মৃত্যুর পর পুলিশ জানায়, বাংলাদেশ ব্যাংকের সদরঘাট অফিস থেকে বাড়ি ফেরার পথে শান্তিনগর এলাকায় বাস থেকে নামেন সানা। সন্ধ্যা ৬টার দিকে শান্তিনগর থেকে হেঁটে মগবাজারের বাসায় যাওয়ার পথে মৌচাকের পাশে সিদ্ধেশ্বরীর ফখরুদ্দীন পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। ওই এলাকার একটি ভবন থেকে ইটের টুকরা পড়ে তার মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাকে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।