ছয় বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে সজীব বেপারী নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি আসামিকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া জরিমানার টাকা আদায়ে আসামির স্থাবর/অস্থাবর সম্পদ বিক্রি করে ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (১৮ মে) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সজীব ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত সজীব বরিশালের কাজিরহাট থানার কাদিরাবাদের বাসিন্দা।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর এরশাদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা গেছে, দুই সন্তান নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জে ভাড়া থাকতেন মামলার বাদী। ২০২০ সালের ৫ মে ভুক্তভোগীর বাবা রিকশা নিয়ে বের হন এবং মা অন্যের বাসায় কাজে যান। এদিন দুপুরে আসামি সজীব ভুক্তভোগী ও তার দুই বছরের ভাইকে বাসার সামনে থেকে তার বাসায় নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করে। এ সময় শিশুটি কান্নাকাটি করলে সজীব তাদের বাসা থেকে বের করে দেয়।
পরে শিশুটি এ ঘটনা তার মাকে জানালে, তিনি তার স্বামীকে জানান। ১৩ মে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। ওই দিনই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করা হয়।
গ্রেপ্তার হওয়ার পর সজীব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় মালো একই বছরের ২৯ আগস্ট চার্জশিট দাখিল করেন। বিচার চলাকালে আদালতে সাতজনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
জলিল/মেহেদী/