পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, যত ষড়যন্ত্র ও চক্রান্ত হোক না কেন; আগামী নির্বাচনে দেশের মানুষ নৌকায় ভোট দিয়ে পঞ্চমবারের মতো শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী করবে। তার নেতৃত্বে বঙ্গবন্ধুর বাংলাদেশ এগিয়ে যাবে। উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘জনক আমার, নেত্রী আমার’ শীর্ষক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশে শেখ হাসিনাকে মহান আল্লাহ তায়ালা বাঁচিয়ে রেখেছেন। তিনি দেশের মানুষের জন্য আশীর্বাদ। আগে মানুষ বলত আওয়ামী লীগের জন্য শেখ হাসিনাকে দরকার। আর এখন মানুষ বলে দেশের জন্য শেখ হাসিনাকে দরকার।’
এনামুল হক শামীম বলেন, ‘শেখ হাসিনা জানতেন দেশে আসলে তাকে মেরে ফেলা হতে পারে। ১৯ বার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। গ্রেনেড হামলা চালানো হয়েছে, কোটালীপাড়ায় বোমা মেরে তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল।’
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা সৌভাগ্যবান একজন শেখ হাসিনাকে পেয়েছ। করোনার মধ্যেও ৪০ কোটি বই তোমাদের হাতে তুলে দিয়েছেন। এমনকি হাওরাঞ্চল, উপকূল, চরাঞ্চল ও দুর্গম এলাকায় বই পৌঁছে দিয়েছেন। এখন তোমরা বই উৎসব পালন কর। তোমাদের হাতে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ তুলে দিয়েছেন। জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় হয়েছে।’
জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্সের সামনের চত্বরে ‘বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি মিয়া মসসেফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রধান পৃষ্ঠপোষক তারিক আফজাল, প্রধান উপদেষ্টা লাকী ইনাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান নুরনবী এবং সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান লিটন।
সভা শেষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার ১১৭ বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
এর আগে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পানিসম্পদ উপমন্ত্রী। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন তিনি।