বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামতের ফাইল প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
বৃহস্পতিবার (২১ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো আইনগত জটিলতা নেই। এখন আমরা প্রধানমন্ত্রীর কাছে ফাইলটি পাঠাব। তিনি সম্মতি দিলে আমরা একটি জিও করে পরবর্তী ব্যবস্থা নেব। সবকিছুই প্রক্রিয়াধীন।’
সাজা ছয় মাসই মওকুফ থাকছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘কোর্ট থেকে যা সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তের বাইরে কোনো কিছু আমরা করিনি। কোর্টের সিদ্ধান্তের পরেই আমাদের প্রধানমন্ত্রী তার ক্ষমতাবলে সাজা স্থগিত করে বাসায় থেকে তাকে সুচিকিৎসা নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এটাই হলো বর্তমান অবস্থা।’
ধূমপান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী
মতিঝিলে গেলে এখন শিশুরাও মাদকাসক্ত হতে দেখা যাচ্ছে- সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমরা যখন ধূমপানবিরোধী সামাজিক আন্দোলন করেছিলাম মাত্র ১ দিনে ধূমপান বন্ধ করতে পারিনি। ধূমপান বন্ধের জন্য আমরা আইন করেছি, মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাও করেছি কিছুদিন। তবুও আমরা এটি বন্ধ করতে পারিনি।’
তিনি বলেন, ‘আমরা যখন সামাজিক আন্দোলন করেছি, মিডিয়াতে, স্কুল-কলেজে, হাট-বাজারে, মসজিদ-মাদ্রাসায় তখন আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে ধূমপান আসলে বিষপান। যে-ই ধূমপান করছেন তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এর ফলে আজকে দেখেন প্রকাশ্যে ধূমপান কিন্তু কমে গিয়েছে। আমরা চাই এই সামাজিক আন্দোলনটা গড়ে তুলতে। এই সামাজিক আন্দোলন গড়ে তুলতে না পারলে আমরা বড় চ্যালেঞ্জের সম্মুখীন হব।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সীমান্তে কুকুর রাখছি। বিমানবন্দরে আপনারা দেখেছেন ড্রাগ কিংবা বিস্ফোরক দ্রব্য ধরতে কুকুর ব্যবহার করছি। আমাদের যা কিছু আছে সবই অ্যাপ্লাই করছি, যাতে করে সরবরাহ রাস্তা কমে যায়।’