অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে আট দফা দাবিতে মঙ্গলবার (২০ আগস্ট) স্মারকলিপি প্রদান করবে মুক্তিযোদ্ধা পরিবার ও বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ।
সোমবার (১৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতীকী অনশন থেকে এ কথা জানান মুক্তিযোদ্ধা পরিবারের নাতনি নুরতাজ আরা ঐশী তারা।
প্রতীকী অনশনে বেলা ২টায় ঐশী ও স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিমকে পানি পান করিয়ে অনশন ভাঙান নেতারা।
মুক্তিযোদ্ধা পরিবার ও বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ দাবিগুলো হলো দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইববরাহিম (বীর প্রতীক) ও সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমরসহ স্বৈরাচারী সরকারের সব দোসরকে গ্রেপ্তার করে তাদের বিচার, ছাত্র-জনতার আন্দোলনে যারা শহিদ হয়েছেন তালিকা করে তাদের জাতীয় বীরের মর্যাদা প্রদান এবং প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা, শেখ হাসিনার জুলুমের শিকার ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের থানাভিত্তিক তালিকা প্রস্তুত করে ৪৫ দিনের মধ্যে ক্ষতিপূরণ প্রদান, ঘুষখোর, দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী, লুটপাটকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, বিগত সরকারের নির্যাতনগুলো জাতীয়ভাবে প্রচার, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটারের সমর্থন নেওয়ার বিধান বাতিল, শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ঝুলে থাকা ভাষানটেক পুনর্বাসন প্রকল্প ও কলমিলতা বাজার বিষয়গুলো দ্রুত সমাধান এবং সাধারণ বস্তিবাসী ও নিম্নবিত্ত মানুষের জীবনমান উন্নয়নের জন্য কমপক্ষে ১০০টি পুনর্বাসন প্রকল্প জরুরি ভিত্তিতে চালুর ব্যবস্থা করা।