ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম বলেছেন, দেশের ১২টা বেজে গেছে। এ সরকারের অধীনে আর কোনও নির্বাচন নয়। ক্ষমতাপ্রেমীদের মসনদ ভেঙে বঙ্গোপসাগরে ফেলা হবে।
বিদ্যমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে জাতীয় সরকারের অধীনে নির্বাচন; নির্বাচন কমিশনারের পদত্যাগ; বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপণ্যের দাম কমানোসহ বিভিন্ন দাবিতে সোমবার (২ অক্টোবর) বিকেলে মুন্সীগঞ্জে আয়োজিত জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা শহরের কৃষি ব্যাংক-সংলগ্ন সড়কে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।
রেজাউল করিম বলেন, বর্তমান সরকার অবৈধ সরকার। এ সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি। আমাদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আবারও সরকার ক্ষমতায় যাবে, এই স্বপ্ন বাংলার মাটিতে আর বাস্তবায়ন হবে না। তারা বলে থাকে - আমরা দেশপ্রেমিক, আমরা জনগণের প্রেমিক। এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। আমাদের দাবি, আগামী নির্বাচন হবে সুষ্ঠু; যে নির্বাচন হবে স্বচ্ছ, যে নির্বাচন হবে প্রশ্নের ঊর্ধ্বে। বিভিন্ন দেশও একই কথা বলছে। আমেরিকাও বলছে, বাংলাদেশে একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন হতে হবে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলে, বিদেশিরা তাদের ওপর হস্তক্ষেপ করে। আপনারা যদি একটি সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি তৈরি করেন তাহলে তারা আর এসব কথা বলার সাহস পায় না।
ভিসা স্যাংশন দেশের জন্য লজ্জাজনক উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে ভিসা স্যাংশনসহ বিভিন্ন কার্যক্রম চলছে। ভিসা স্যাংশন দেশের জন্য লজ্জাজনক। এভাবে একটি দেশ চলতে পারে না। তাই এর পরিবর্তন দরকার। চোরের দিক থেকে, দুর্নীতিবাজের দিক থেকে এ দেশ পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে, এ অবস্থা আমরা আর দেখতে চাই না। তাই দেশ ও জাতির কল্যাণের জন্য এক নীতি-আদর্শ দরকার যার নাম ইসলাম। ইসলামী নীতি-আদর্শের মাধ্যমে সারা বিশ্বে শান্তি আসবে। এ শান্তির পক্ষে আমরা সবাই একত্রিত হব। যারা নাকি ক্ষমতাপ্রেমিক রয়েছে আমরা দেশপ্রেমিকরা একত্রিত হয়ে তাদের মসনদ ভেঙে বঙ্গোপসাগরে নিক্ষেপ করব।
ইসলামী আন্দোলন মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি শাহাদাত হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা ইউনুস আহমেদসহ জেলা কমিটির নেতারা।