চাইনিজ তাইপের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে ন্যূনতম লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ। তবে দ্বিতীয় প্রীতি ম্যাচে দারুণ লড়াই করেছে মেয়েরা। র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে হারের ব্যবধানটা ১-০ গোলের বেশি হতে দেয়নি তারা।
সোমবার (৩ জুন) বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচটিতে ১৭ মিনিটে প্রথম গোল আদায় করে চাইনিজ তাইপে। গোলটি করেন আগের ম্যাচে হ্যাটট্রিক করা সু ইউ-সুয়ান। তবে এরপর আর তিনি বা তার দলের অন্য কেউ বাংলাদেশ গোলরক্ষক রুপনা চাকমাকে পরাস্ত করতে পারেননি।
এ ম্যাচে অধিনায়ক সাবিনা খাতুনকে একাদশের বাইরে রেখে বেশ বড়সড় একটা চমক দেন বাংলাদেশ কোচ পিটার বাটলার। আগের ম্যাচেও দ্বিতীয়ার্ধে সাবিনাকে তুলে নিয়েছিলেন তিনি। প্রায় ১৪ বছরের ক্যারিয়ারে এই প্রথমবার বেঞ্চে থাকার অভিজ্ঞতা হয় সাবিনার। বাংলাদেশের ফুটবলে যিনি ‘গোল মেশিন’ হিসেবে খ্যাত। শেষ পর্যন্ত ৭৮ মিনিটে সাবিনাকে মাঠে নামান কোচ।
একই ভেন্যুতে গত শুক্রবার অনুষ্ঠিত দুই ম্যাচের প্রীতি সিরিজের প্রথমটি ৪-০ গোলে হেরেছিল বাংলাদেশ।