বিশ্ব ক্রিকেটে সমীহ জাগানিয়া এক দল ভারত। আইসিসি নির্ধারিত ৫০ ওভারের ওয়ানডে বিশ্বকাপ কিংবা ২০ ওভারের টি-টোয়েন্টি বিশ্ব আসর- সবখানেই সেরার তকমা গায়ে খেলতে নামে দলটি। চলমান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম সংস্করণও এর বাইরে নয়। ২০ দলের অংশগ্রহণের গত ১ জুন ২০২৪ থেকে মাঠে গড়িয়েছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। চারটি গ্রুপে ভাগ হয়ে এবার দলগুলো পরস্পরের মোকাবিলা করছে। ‘এ’ গ্রুপ থেকে লড়ছে শক্তিশালী ভারত। আজ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে রোহিত শর্মার দল। যেখানে ভারতের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। নিউইয়র্কের নাসাউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।
আইপিএলে দারুণ সময় কাটিয়ে মার্কিন মুলুকে বিশ্বকাপ খেলতে এসেছে ক্রিকেট পরাশক্তি ভারত। বিশ্বমঞ্চে লড়াইয়ে নামার আগে বাংলাদেশের বিরুদ্ধে গা গরমের ম্যাচে পেয়েছে বড় জয়। আইরিশদের বিরুদ্ধে মাঠে নামার আগে যা বাড়তি টনিক রোহিত, কোহলিদের। যুক্তরাষ্ট্রের উইকেটের সঙ্গে গেল কদিনে ভালোই মানিয়ে নিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম চ্যাম্পিয়নরা। নাসাউয়ের স্পিন সহায়ক পিচে অবশ্য না মানিয়ে উপায়ও নেই! গ্রুপ পর্বের ৪ ম্যাচের তিনটিই যে খেলতে হবে যুক্তরাষ্ট্রের এই পিচে। গ্রুপ পর্বে অপর ম্যাচটি রোহিতরা খেলবেন ডালাসে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে প্রস্তুতি পর্ব ভালো সেরেছে ভারত। এখন ফল নিজেদের পক্ষে আনার অপেক্ষায়।
ভারতের মতো বড় দলের তকমা গায়ে মাখাতে না পারলেও সাম্প্রতিক ফর্মের বিচারে আইরিশরা (টি-টোয়েন্টিতে) কিন্তু মোটেও পিছিয়ে নেই। গেল মাসেই পাকিস্তানের মতো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়েছে। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হারলেও ম্যাচপ্রতি আইরিশ ব্যাটাররা ১৮৪ গড়ে রান তুলেছে। ভারতের জন্য এই পরিসংখ্যান মোটেও সুখকর নয়। কারণ আজ নাসাউয়ের গ্রাউন্ডে আয়ারল্যান্ড যদি আগে ব্যাট করে ১৮০/১৯০ রান তুলতে পারে, সেটা কিন্তু ফাইটিং স্কোরে রূপ নেবে! পল স্টারলিংয়ের দল নিশ্চয়ই এমন কিছুই নিজেদের ভাবনায় রেখেছেন। রোহিত, কোহলি, রিশাভ, সূর্যকুমার, জেসওয়াল, হার্দিকদের মতো শক্তিশালী ব্যাটিং লাইনের বিরুদ্ধে কিংবা কুলদ্বীপ, জাদেজা, বুমরাহ, সিরাজদের মোকাবিলা করতে হলে একেবারে আটঘাট বেঁধেই মাঠে নামতে হবে আয়ারল্যান্ডকে।
টি-টোয়েন্টি ক্রিকেটে দুই দলের যে পরিসংখ্যান তাতে পরিষ্কারভাবে এগিয়ে ফেবারিট ভারত। এই সংস্করণে আইরিশদের বিরুদ্ধে হারের রেকর্ড নেই। বরং দুই দলের খেলা ৬ ম্যাচের সব কটিতে জয় দলটির। বিশ্বকাপে আজ যুক্তরাষ্ট্রের মাঠেও ভারতের জয় প্রত্যাশা করছেন ক্রিকেট বোদ্ধা থেকে ক্রীড়াপ্রেমী দর্শক-সমর্থকরা। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ যেমন চিন্তার ভাঁজ এঁকে দিচ্ছে আইরিশ অধিনায়ক পল স্টারলিংয়ের কপালে; তেমনি বোলিং নিয়ে আলাদাভাবে নিশ্চয়ই এতক্ষণে পরিকল্পনা সাজিয়ে নিয়েছেন। কারণ কুলদ্বীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, রবীন্দ্র জাদেজার বৈচিত্র্যে ভরা স্পিন আর জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজের ক্ষুরধার পেসের সঙ্গে আছেন উঠতি পেসার অশ্বদীপের সুইং আর গতির মিশেল।
ছোট-ফরম্যাটের ক্রিকেটে আয়ারল্যান্ডও নিজেদের দিনে সেরা হয়ে উঠতে পারে, জ্বলে উঠতে পারে ব্যাট-বলে এ কথা ভালোই জানা ক্রিকেট জ্ঞানে দারুণ সমৃদ্ধ ভারতের। বিশেষ করে তাদের চার ব্যাটার- অধিনায়ক পল স্টারলিং, অ্যান্ড্রু বালবিরনি, হ্যারি টেকটর এবং লারকান টাকারকে নিয়ে আলাদাভাবে নিশ্চয়ই পরিকল্পনা সাজিয়ে রেখেছে ভারত। সেই সঙ্গে আইরিশ দুই অলরাউন্ডার কার্টিস ক্যামফার ও জর্জ ডকরেল তো রয়েছেনই।বোলিংয়েও পিছিয়ে নেই আয়ারল্যান্ড। জসুয়া লিটলের বামহাতের সুইং ঘূর্ণি জাদুর সঙ্গে গতির ঝড় তুলতে মুখিয়ে আছেন গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাককার্থির মতো বোলাররা। সব মিলে যুক্তরাষ্ট্রে আজ দারুণ এক ম্যাচ দেখার অপেক্ষায় টি-টোয়েন্টি ক্রিকেটপ্রেমী সমর্থকরা।