দুর্দান্ত বোলিংয়ে ভারতকে ১১৯ রানে অলআউট করার পর এই মামুলি লক্ষ্যও টপকাতে পারেনি পাকিস্তান। ৬ রানে এই ম্যাচ হেরেছে তারা হাতে ৩ উইকেট থাকার পরও। সহজ ম্যাচের হিসাব তারা কঠিন করে শেষমেশ হেরেই গেছে নিজেদের অনুকূলে থাকা ম্যাচ।
পাকিস্তান ইনিংসের শেষ ওভারের প্রথম বলেই ইমাদ ওয়াসিমের উইকেট হারায় অর্শদীপের বলে। এরপর পাকিস্তানকে বেশকিছু থ্রিলার জেতানো নাসিম শাহ আসেন মাঠে। চতুর্থ ও পঞ্চম বলে দুই চার হাঁকিয়ে ম্যাচকে শেষ বলে নিয়ে গেলেও দলকে এনে দিতে পারেননি কাঙ্ক্ষিত জয়।
সবশেষ বিশ্বকাপে ভারতের কাছে হারার পর হারতে হয়েছিল জিম্বাবুয়ের কাছেও। এবারও প্রথম দুই ম্যাচে হেরেছে বাবর আজমরা। ভারতের কাছে হারার আগে যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হেরেছে তারা। বিভিন্ন সমীকরণ মিলিয়ে ২০২২ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল দলটা। এবারও তেমন মিরাকল কিছু না ঘটলে আর আশা নেই পাকিস্তানের।
সুপার এইটে ওঠার সমীকরণটাই জটিল হয়ে যাওয়ায় নিজেদের পরের দুটি ম্যাচে কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলেই শুধু হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলের দিকেও।
পাকিস্তানকে আশায় থাকতে হবে, ভারত ও আয়ারল্যান্ডের বিপক্ষে যুক্তরাষ্ট্র যেন না জেতে বা তাদের কোনো ম্যাচ যাতে করে বৃষ্টিতে ভেসে না যায়। কারণ, আর মাত্র একটি পয়েন্ট পেলেই পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে যাবে।
আশা জাগিয়েও হারার পর পাকিস্তান দলের সমর্থকরা হতাশা প্রকাশ করছেন। এই তালিকায় রয়েছেন দলটির সাবেক ও বর্তমান ক্রিকেটাররাও। জাতীয় দলের বাইরে থাকা পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদ ম্যাচ শেষে বলেছেন, ‘আজ রাতের ফল দেখে সত্যিই খুব হতাশ হয়েছি। এই পিচে ১২০ রান তাড়া করা উচিত ছিল। অনেক ডট বল হয়েছে এবং অহেতুক চাপ বাড়ানো হয়েছে। এখন শুধু হিসাব আর দোয়াই করতে পারি।’