টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করবেন রাহুল দ্রাবিড়। পুনরায় কোচ হওয়ার জন্য আবেদনও করেননি তিনি। তাতে এটা নিশ্চিত যে নতুন কোচ পেতে চলেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। কে হবেন তাদের নতুন গুরু? এ নিয়ে চলছে নানা গুঞ্জনে। সেই গুঞ্জনের পালে হাওয়া দিল জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো।
ভারতের নতুন কোচ হতে পারেন গৌতম গম্ভীর। দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হওয়ার জন্য অগ্রগামী সাবেক এই ক্রিকেটার। আজ মঙ্গলবার (১৮ জুন) ক্রিকেট উপদেষ্টা কমিটির (সিএসি) সাক্ষাৎকারে অংশ নিয়েছেন গম্ভীর। এমন সব তথ্যই ক্রিকইনফো তাদের প্রতিবেদনে জানিয়েছে। সিএসি-তে সাবেক ভারতীয় ক্রিকেটার অশোক মালহোত্রা, যতীন পরাঞ্জপে এবং সুলক্ষণা নায়েক রয়েছেন। তারাই বাছাই করবেন নতুন কোচ।
কোচ চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড অব কন্ট্রোল (বিসিসিআই)। নির্ধারিত ২৭ মে’র মধ্যে আবেদন ঠিক কতগুলো পড়েছিল তা জানায়নি সিএসি। এদিকে ২০২৪ আইপিএল চলাকালীন গম্ভীরের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করেছিল বিসিসিআইয়ের কর্তারা। যখন তিনি কলকাতা নাইট রাইডার্স শিবিরে ফিরেছিলেন মেন্টর হিসেবে এবং দলকে জেতান তৃতীয় শিরোপা।
কোচ গম্ভীরের দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি ছিল কলকাতা। এর আগে ২০২২ এবং ২০২৩ আইপিএলে তিনি লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন। দুবারই দলকে তুলেছিলেন প্লে-অফে। সবশেষ আইপিএল চলাকালীন ভারতের কোচ হওয়ার প্রসঙ্গ উঠতে সময় চেয়েছিলেন গম্ভীর। কিন্তু গত ১ জুন আবুধাবিতে এক ইভেন্টে তার মুখে শোনা যায় ভিন্ন কথা।
ভারতের কোচ হওয়ার প্রসঙ্গে গম্ভীর বলেছিলেন, ‘দেখুন, আমি ভারতীয় দলে কোচ হতে চাই। এর চেয়ে বড় সম্মান আর কিছু হতে পারে না। নিজ দেশের জাতীয় দলের কোচ হওয়া অনেক বড় সম্মানের। আপনি ১৪০ কোটি ভারতীয়দের প্রতিনিধিত্ব করছেন। সাবা বিশ্বে আরও বেশি। আপনি যখন ভারতের প্রতিনিধিত্ব করেন, তখণ এর চেয়ে বড় কী হতে পারে?’