বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর আমন্ত্রণে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে কোহলি, ঋষভ, দুবে ও পান্ডিয়ার ক্ষুদ্র ক্ষুদ্র ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত।
শনিবার (২২ জুন) অ্যান্টিগায় টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে রোহিত শর্মা ও বিরাট কোহলি যোগ করেন ৩৯ রান। ভারতের প্রথম উইকেটের পতন হয় সাকিব আল হাসানের মাইলফলক স্পর্শ করা ব্রেক থ্রুতে। ১১ বলে ২৩ রান করে রোহিত শর্মা আউট হন সাকিবের বলে জাকেরকে ক্যাচ দিয়ে। এই উইকেট নিয়ে প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫০তম উইকেট শিকার করেন সাকিব।
চলমান বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে রানে ফিরেছেন বিরাট কোহলি। তিনটি ছক্কা ও একটি চারে তিনি করেন ২৮ বলে ৩৭ রান। ডাউন দ্য উইকেটে এসে বড় শট খেলতে গিয়ে তানজিম হাসান সাকিবের বলে বোল্ড হন তিনি। একই ওভারে নতুন ব্যাটার সূর্যকুমার যাদবও পরাস্ত হন। উইকেটে এসে প্রথম বলে ছয় হাঁকিয়ে পরের বলেই তিনি আউট হয়ে যান। ফলে ৭৭ রানে ৩ উইকেট হারায় ভারত।
মোস্তাফিজ ও রিশাদের বলে বড় শট খেলে ২৪ বলে ৩৬ রান করেন ঋষভ পন্ত। তিনি মারেন ৪টি চার ও দুটি ছক্কা। তার বিদায়ে ১০৮ রানে ভারতের পতন হয় ৪ উইকেটের। সেখান থেকে আবারও ভারতের ইনিংসের হাল ধরেন হার্দিক পান্ডিয়া ও শিভম দুবে। তাদের ৫৩ রানের জুটি ভাঙে দুবে রিশাদের দ্বিতীয় শিকারে পরিণত হলে। তিন ছয়ে দুবে করেন ৩৪ রান।
দুবে আউট হলেও আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান হার্দিক পান্ডিয়া। শেষ পর্যন্ত ব্যাটিং করে ২৬ বলে ৫০ রান করে অপরাজিত ছিলেন তিনি। মোস্তাফিজকে শেষ বলে থার্ড ম্যানে চার মেরে অর্ধশতক পূর্ণ করেন তিনি। ফলে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৯৬ রান।
বাংলাদেশের হয়ে জোড়া উইকেট শিকার করেন তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন। একটি উইকেট নেন সাকিব আল হাসান।