পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার সুখস্মৃতির পর ছুটি কাটানোর খুব একটা সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। আগামী ১৯ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে। তিন দিন ছুটি কাটিয়ে মাঠের অনুশীলনে মনোযোগী হয়েছেন টাইগাররা। লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা গতকাল থেকে মিরপুরে ভারত সফরের প্রস্তুতি শুরু করেন। কোচিং প্যানেলের বেশির ভাগ সদস্য ছুটি কাটাতে দেশে ফেরায় দেশি কোচদের অধীনে শুরু হয়েছে এই ক্যাম্প। কোচ সোহেল ইসলামের পাশাপাশি ক্যাম্পে মিজানুর রহমান বাবুল ও তারেক আজিজ কাজ করছেন ক্রিকেটারদের সঙ্গে। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই অনুশীলন চলেছে বিকেল পর্যন্ত।
বাংলাদেশ দল পাকিস্তানে থাকাকালীনই ভারত বধের প্রস্তুতি সাজিয়ে রাখে বিসিবি। তখনই জানানো হয় লাল ও সাদা বলে আলাদা করে অনুশীলন হবে। এরই অংশ হিসেবে সকাল ৯টায় শুরু হয় টেস্ট স্কোয়াডের সম্ভাব্য সদস্যদের নিয়ে অনুশীলন। পাকিস্তান সফরে থাকা নাজমুল হোসেন, লিটন দাস, খালেদ আহমেদ, তাইজুল ইসলামের পাশাপাশি ছিলেন জাকের আলী অনিক, শাহাদাত হোসেন দিপু ও ইবাদত হোসেন। পাকিস্তান শাহিনসের বিপক্ষে ‘এ’ দলের জার্সিতে ১৭২ রানের দারুণ ইনিংস খেলে লাল বলের প্রস্তুতিতে তাকে ডাকা হয়েছে। এ ছাড়া রিহ্যাবে থাকা পেসার ইবাদত হোসেনকে দলের সঙ্গে ভারতে উড়িয়ে নেওয়ার চিন্তা-ভাবনা করছে বিসিবি। তিনিও গতকাল লাল বলের অনুশীলনে ছিলেন।
ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। গ্রোইনের ইনজুরি কাটিয়ে গতকাল অনুশীলনে যোগ দেন। অনুশীলন শেষে বিসিবির দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ভারত তুলনামূলকভাবে পাকিস্তানের চেয়ে অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে। ওরা বড় দল। আমার মনে হয়, যদি বড় দলের সঙ্গে ভালো করি আমাদেরকে আরও বেশি ফলো করবে। দেখবে আমাদের খেলা। আমার মনে হয় ভারত সিরিজটা ভালো করলে আমাদের আরও ভালো লাগবে। আশা করব, যেভাবে প্র্যাকটিস করছি সেভাবে পারফর্ম করতে পারব।’
পাকিস্তান সিরিজের আত্মবিশ্বাস ভারতে কাজে লাগবে বলে মনে করেন শরিফুল। ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টের আগে আত্মবিশ্বাস কাজে লাগাতে মরিয়া বলেও জানান। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এই সিরিজ খেলতে আগামী ১৫ সেপ্টেম্বর দেশ ছাড়বে লাল-সবুজের প্রতিনিধিরা।
টেস্ট দলের প্রস্তুতি শেষে দুপুরে অনুশীলন শুরু করেন সৌম্য সরকার, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিবরা। যেসব ক্রিকেটারকে সাদা বলের সিরিজের জন্য বিবেচনা করা হচ্ছে তাদের নিয়ে দুপুর ৩টা থেকে শুরু হয় অনুশীলন। বিকেল পর্যন্ত চলে অনুশীলন। পাকিস্তানে টেস্ট সিরিজ চলাকালে শুরু হয় এই ক্যাম্প। এই ক্যাম্পও হচ্ছে দেশি কোচদের অধীনে।