রাহুল দ্রাবিড়ের প্রস্থানের পর ভারতের কোচ হিসেবে যাত্রা শুরু হয়েছে গৌতম গম্ভীরের। শ্রীলঙ্কায় গিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও হারের তিক্ত অভিজ্ঞতা হয়েছে ওয়ানডেতে। টেস্ট সিরিজে কোচিং শুরু হতে যাচ্ছে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে। সেই সিরিজ শুরুর আগেরদিন বাংলাদেশকে পাকিস্তানে পারফরম্যান্সের জন্য অভিনন্দন জানানোর পাশাপাশি সতর্কও করলেন ভারতের কোচ গৌতম গম্ভীর।
বুধবার (১৮ সেপ্টেম্বর) প্রথম টেস্টের আগে চেন্নাইতে সংবাদ সম্মেলনে এমন কথা বলেছেন ভারতের এই নতুন কোচ।
কোচ হিসেবে প্রথম টেস্ট সিরজের আগে গৌতম গম্ভীরকে সাংবাদিকরা প্রশ্ন করেন খেলার ধরন নিয়ে। বিশেষ করে ‘বাজবল’ নিয়ে প্রশ্ন করা হয় তাকে। ভারতীয় ক্রিকেটে এমনকোনো নতুন তত্ত্ব জন্ম নেবে কিনা সেই প্রশ্নে অবশ্য ভিন্ন উত্তর দিয়েছেন গম্ভীর, ‘দেখুন, আমি সব সময় বিশ্বাস করে এসেছি, সেটাই সেরা স্টাইল যে স্টাইলে খেললে দল জিতে। আমরা সেই দল হতে চাই যারা সব পরিস্থিতিতে মানিয়ে নেয় এবং দ্রুত সবকিছু রপ্ত করে। আমরা ম্যাচের অবস্থা ও কন্ডিশন বুঝে খেলতে চাই এবং উন্নতি করতে চাই।
প্রশ্ন করা হয় সিরিজে সফরকারী বাংলাদেশ দলের জয়ের সম্ভাবনা কতটুকু তা নিয়েও। এমন প্রশ্নের জবাবে ভারতের কোচ বলেন, ‘আমরা কাউকে ভয় পাই না, কিন্তু সবাইকে সম্মান করি। আমি এটা খুব করে বিশ্বাস করি। আমরা বাংলাদেশকে সম্মান করি।’
কথা বলেছেন তিনি বাংলাদেশ দলের পাকিস্তানে টেস্ট সিরিজ জয় নিয়েও। বাংলাদেশকে অভিনন্দনও জানালেও সতর্কও করে দিলেন গম্ভীর, ‘আমি বাংলাদেশকে অভিনন্দন জানাই পাকিস্তানে ওদের পারফরম্যান্সের জন্য। তবে এটা নতুন সিরিজ, নতুন প্রতিপক্ষ। আমাদের জন্য আমাদের সেরা ক্রিকেটটা খেলা জরুরি। এটাই গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটারদের প্রশংসায় ভাসিয়েছেন, ‘বাংলাদেশের বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার আছে। সাকিবের অভিজ্ঞতা আছে, মুশফিকেরও। খুব ভালো বোলিং আক্রমণ। মেহেদীও আছে। বুঝতেই পারছেন, বাংলাদেশে প্রতিভা আছে। তবে আমাদের জন্য প্রথম বল থেকে সতর্ক থাকতে হবে।’