আগামীকাল চেন্নাইয়ে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। সেই টেস্টের আগে সংবাদ সম্মেলনে এসে ভারতের বিপক্ষে ভালো ক্রিকেট খেলার কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বুধবার (১৮ সেপ্টেম্বর) চেন্নাইতে ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে এমন কথা বলেছেন বাংলাদেশ দলের অধিনায়ক।
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ জেতার পর সমর্থকদের মধ্যে আশা বেড়েছে ভারত বিপক্ষে টেস্ট সিরিজ নিয়েও। তবে সেটিকে অতীত বলছেন নাজমুল হোসেন শান্ত, ‘পাকিস্তানের বিপক্ষে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। সেটি এখন অতীত। তবে যেটা বললেন, এটি আমাদের অনেক আত্মবিশ্বাস দিয়েছে। আমরা এখানে নতুন সিরিজ খেলতে এসেছি। আমাদের ড্রেসিং রুম বিশ্বাস করে, এখানে আমরা খুব ভালো ক্রিকেট খেলতে পারব। আমরা ফলাফল নিয়ে ভাবছি না। প্রক্রিয়া অনুসরণের চেষ্টা করছি।’
অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে দলের ক্রিকেটাররা এখন আবেগ নিয়ন্ত্রণে আনা শিখে গেছেন বলে জানিয়েছেন শান্ত, ‘অনেক ক্রিকেটার গত ১০-১৫ বছর ধরে খেলছে। অনেক ক্রিকেটার অভিজ্ঞ হয়েছে। তাই আমরা এখন আর গত কয়েকবছর ধরে খুব বেশি আবেগপ্রবণ হয়ে যাই না। আমরা এখন নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারি। জিতে বা হেরে গেলে কী হবে তা নিয়ে চিন্তা না করে, ম্যাচের ব্যাপারে ভাবতে পারি। প্রতিটি ম্যাচে আমরা শতভাগ দেওয়ার চেষ্টা করি। তাই আমাদের এখন শান্ত মনে হয় এবং প্রতিটি পরিকল্পনা অনুসরণ করার চেষ্টা করি।’
চেন্নাইয়ের পিচ কি আগের মতো স্লো হবে নাকি পেসারদের জন্য সুবিধা দেওয়া হবে নাকি ব্যাটাররাই রাজ করবে এই পিচে তা নিয়ে এখও চলছে অনেক জল্পনা। তবে যেমনই পিচ হোক না কেন, তার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন শান্ত।
তিনি বলেন, ‘উইকেটের ব্যাপারে যতটুকু দেখে বুঝেছি, ভালো একটা উইকেট হবে। বেশি স্পিন না পেসনির্ভর, তা নিয়ে কথা বলতে চাই না। কালকে যত দ্রুত সম্ভব আমরা উইকেটটা মানিয়ে নেওয়ার চেষ্টা করব। আমাদের দলে স্পিন ও পেস- দুই দিক থেকে ভারসাম্য আছে। তাই এটা খুব বেশি চিন্তার কারণ হবে না।’