রঙিন পোশাকের ক্রিকেট দুনিয়ায় আভিজাত্যের টেস্ট ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ ক্রমেই কমে যাচ্ছে। ওয়ানডে বা টি-টোয়েন্টি ক্রিকেটে নিয়ে মানুষের মাঝে যেরকম উন্মাদনা দেখা যায়, টেস্টের ক্ষেত্রে তা পরিলক্ষিত হয় না। টেস্ট ক্রিকেট যেন এখন ঘুম পাড়ানি মাষি-পিষি গান। কিন্তু চেন্নাইয়ে বাংলাদেশ-ভারতের প্রথম টেস্টের প্রথম দিনের সকাল বেলাটা ছিল ব্যতিক্রম। টিকিটের জন্য সেই সাত সকালে লম্বা লাইন। যা দেখে কিছুটা অবাক হওয়ার মতোই! কিন্তু সেই অবাক হওয়া কিছুই ছিল না। প্রায় ঘন্টা দেড়েক পর যখন দুই দলের খেলার টস হয়।
চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামের পিচের ইতিহাস বলে এখানে টস জিতে ব্যাটিং পছন্দ করাটাকেই বেছে নন দলপতি। সবশেষ ৫ টেস্টের ইতিহাস বলে আবার সেই কথা। বাংলাদেশ-ভারতের প্রথম টেস্টকে সামনে রেখে সেরকম ঘটনারই আবারও পুনরাবৃত্তি ঘটবে-এমন পূর্বাভাসই ছিল আগের দিন। চিদাম্বরমের আরেকটি ইতিহাস ছিল। সেটি ছিল স্পিনারদের দাপট। এখানে সেরা পাঁচটি বোলিং ফিগারই স্পিনারদের দখলে। তাও আবার ভারতীয়দের। এই বিবেচনায় দুই দলেই স্পিনারদের আধিপত্য বেশি থাকবে বলেই অনেকেই ধারনা করেছিলেন। কিন্তু টস হওয়ার পর সেখানে অবাক হওয়ার বিস্ফোরন ঘটে। প্রথমেই ঘটে টস নিয়ে। যেখানে বাংলাদেশের কাপ্তান নাজমুল হোসেন শান্ত টস জিতে বোলারদের হাতে বল তুলে দেয়ার সিদ্ধান্ত নেন। পরের বিস্ফোরন ছিল একাদশে তিন পেসার থাকা। দুই দলই তিন জন করে পেসার নিয়ে একাদশ সাজিয়েছে।
এতো সব অবাক করা ঘটনা ঘটেছে আসলে পিচের কারনে। লাল মাটির পিচ। ময়েশ্চারাইজার আছে। টার্নের সঙ্গে থাকবে বাউন্সও। তাপমাত্রা সকালের দিকে ২৮ ডিগ্রি থাকলেও পরে বেড়ে গিয়ে ৩৪ ডিগ্রির মতো হবে। কিন্তু পিচে ঘাস একেবারেই কম। এ্ইসব সুবিধা কাজে লাগাতে টস জিতে ফিল্ডিং নেয়াটাই উত্তম সিদ্ধান্ত হবে। যা আবার বেশি কাজে লাগাতে পারবেন পেসাররা। টস করার আধ ঘন্টা আগে পিচ রিপোর্টে দিনেশ কার্তিক সেরকমই আভাস দিয়েছিলেন। তিনি সরাসরি বলেছিলেন বাংলাদেশ টস জিতলে আগে বোলিং নিবে। তাই একাদশে থাকবে পেসারদের আধিপত্য। কিন্তু ভারতের ক্ষেত্রে তিনি আবার একই কথা বলেননি। ভারত টস জিতলে তারা ব্যাটিং আগে করবে বলে জানান। এর ব্যাখ্যাও তিনি দিয়েছেন। যেখানে তিনি উল্লেখ করেছেন চতুর্থ ইনিংসে তাদের স্পিনাররা বাড়তি সুবিধা আদায় করে নিতে পারবে। টস জিতে ফিল্ডিং নেয়ার কারণ বলতে গিয়ে বাংলাদেশের দলপতি নাজমুল হোসেন শান্ত বলেন, পিচে ময়েশ্চারাইজার আছে। পিচ একটু শক্ত। পেসারদের জন্য প্রথম সেশন খুবই সহায়তা করবে। আমরা পিচের এই কন্ডিশন কাজে লাগাতে চাই।’ ভারতের কাপ্তান রোহিত শমা বলেন,‘ টস জিতলে আমরা প্রথমে ফিল্ডিং করতাম। কন্ডিশন খুবই চ্যালেঞ্জিং।’
এ সব কারণে দুই দলের একাদশেই তিন জন করে পেসার রাখা হয়েছে। বাংলাদেশের তিন পেসার হলেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা। ভারত খেলাচ্ছে জাসপ্রিত বুমরা, মোহাম্মদ সিরাজ ও আকাশ দ্বীপকে।