চেন্নাইতে জয় পেলে কানপুরে বেশ কয়েকজনকে বিশ্রাম দিয়ে কিছু পরিবর্তন নিয়ে নামা হবে কানপুর টেস্টে। কিন্তু অপরিবর্তিত দল নিয়েই কানপুরে যাচ্ছে ভারত। ফলে একাদশও আগেরটাই থাকতে পারে বলে ধারণা করছেন অনেকেই। তবে ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশ্লেষক সঞ্জয় মাঞ্জরেকার একাদশে পরিবর্তন আনার পক্ষে এবং কুলদীপ যাদবকে দেখতে চান একাদশে।
প্রথম টেস্টে রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা ব্যাটে-বলে সমানভাবে লড়েছিলেন। উইকেট পেয়েছেন, রানও করেছেন দুজনই। এই দুই অলরাউন্ডারকে তাই অলরাউন্ডার হিসেবে বিবেচনা করে কুলদীপকে স্বীকৃত স্পিনার হিসেবে খেলানোর পক্ষে মাঞ্জরেকার।
যুক্তি হিসেবে তিনি দাঁড় করিয়েছেন কানপুরের উইকেট ঘাস থাকলেও শেষ দিকে স্পিনাররা বাড়তি সুবিধা পাবে বলে মনে করেন মাঞ্জরেকার। যেমনটা চেন্নাই টেস্টেও শেষ দিকে সুবিধা পেয়েছে স্পিনাররা।
কুলদীপকে একাদশে রাখা নিয়ে ইএসপিএনক্রিকইনফোকে মাঞ্জরেকার বলেন, ‘আমি মনে করি, কুলদীপ যাদবকে বসিয়ে রাখা এত সহজ নয়। আমি বিশ্বাস করি, উইকেট যদি টার্নিং না-ও হয়ে থাকত, তাহলেও চেন্নাইয়ে কুলদীপ যাদবকে খেলিয়ে সুবিধা নেওয়া উচিত ছিল ভারতের। কারণ, ভারতের পিচে সিমাররা এক থেকে দেড় দিনই শুধু সুবিধা পাবে। এরপর উইকেট স্পিনারদের সাহায্য করতে শুরু করে।’
মাঞ্জরেকার আরও বলেন, ‘কানপুরে ভারতের এই মনোভাব নিয়েই খেলা উচিত। সেখানকার পিচ যদি সবুজও হয় এবং সূর্য মেঘের আড়ালে থাকে, তাহলেও তাদের মনে রাখতে হবে সবুজ উইকেট (পেসারদের) শুধু কয়েক ঘণ্টাই সাহায্য করবে আর এর সুবিধা নেওয়ার জন্য বুমরা ও সিরাজই যথেষ্ট। আপনার হাতে যখন তিনজন পরীক্ষিত স্পিনার থাকবে, তিনজনকেই খেলানো উচিত।’