২২ গজে সাকিব-মুশফিকরা যখন খেলেন, তখন তাদের উৎসাহ দিতে দেশে ছেড়ে বিদেশেও চলে আসেন বাংলাদেশের কয়েকজন টাইগার সমর্থক। পুরো শরীর থাকে বাঘের ডোরা কাটা দাগের মতো পোশাক। সে রকমই একজন রবি। বাংলাদেশ-ভারতের খেলা দেখার জন্য তিনি ছুটে এসেছেন ভারতে। চেন্নাইয়ের পর কানপুরেও গ্যালারিতে বসে খেলা দেখে বাংলাদেশ দলকে উৎসাহ দিয়ে যাচ্ছেন। সেই রবি আজ কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ভারতীয় দর্শকদের দ্বারা মারধরের শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় এক হাসপাতালে।
উত্তর প্রদেশ পুলিশ জানায়, রবি ‘সি’ গ্যালারিতে বসে খেলা দেখছিলেন। মধ্যাহ্ন বিরতির কিছুক্ষণ আগে সেখানে তিনি ভারতীয় দর্শক কতৃক আক্রান্ত হন। প্রত্যক্ষদর্শীর বিবরণে জানা যায় বাংলাদেশের উইকেট পড়ার সময় ভারতীয় দর্শকরা যেমন ভুভুজেলা আর ড্রাম বাজিয়ে উল্লাস করেছেন, তেমনি রবিও বাংলাদেশে ইনিংসে বাউন্ডারি হলে উল্লাস প্রকাশ করছিলেন।
মধ্যাহ্ন বিরতির আগে বৃষ্টি শুরু হলে রবি তার বসার স্থান থেকে গ্যালারির ভেতরে চলে যান। তারই এক পর্যায়ে তার সঙ্গে কয়েকজন ভারতীয় দর্শকের কথা কাটাকাটি হয়। পরে কয়েকজন মিলে তাকে মারধর করেন। তাদের হাতে মার খেয়ে রবি মাটিতে লুটিয়ে পড়েন। ব্যথা পান পাজরে। রবি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় কী কারণে তাকে মারধার করা হয়েছে তা জানা যায়নি।
তবে উত্তর প্রদেশের পুলিশ জানিয়েছে, রবি তাদের কাছে অভিযোগ করেছে সে গ্যালারিতে মারধরের শিকার হয়েছে। আমরা ঘটনার বিস্তারিত জানতে পারিনি। সিসিটিভি ফুটেজ দেখে আমরা প্রকৃত ঘটনা জানার চেষ্টা করবো। দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।
এর আগে রবি বাংলাদেশের সাংবাদিকদের কাছে চেন্নাই টেস্টেও গ্যালোরিতে তাকে ভারতীয় দর্শকরা নানাভাবে উত্যক্ত করেছিলেন বলে অভিযোগ করেন।