২৯৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করানোর পথে বিধ্বংসী ব্যাটিং করেছে ভারতের ব্যাটাররা। তাতে বাংলাদেশের সঙ্গে তাদের পার্থক্য একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। এই বিশাল সংগ্রহের পর তারা বাংলাদেশকে হারিয়েছে ১৩৩ রানের বড় ব্যবধানে। আর সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছে বাংলাদেশকে।
ম্যাচ শেষে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছেন, নিঃস্বার্থ ক্রিকেটারকেই তিনি দলে চান। দলের চেয়ে কেউ বড় নয়।
ভারতের হয়ে গতকাল সাঞ্জু স্যামসন করেন ১১১ রান। তার ইনিংসটি ছিল ৯টি চার ও ৮টি ছক্কায় সাজানো। ৯৬ রানে থাকাকালীন বাউন্ডারি মেরে শতক আদায় করেন সাঞ্জু স্যামসন। ধীরস্থিরভাবে ঝুঁকি না নিয়ে চারবার প্রান্ত বদল করেও তিনি শতকের ঘরে পোঁছাতে পারতেন। কিন্তু সেটি না করে বড় শটই খেলেন সাঞ্জু। এটিকে উদাহরণ হিসেবে টেনেছেন সূর্য।
ম্যাচশেষে সূর্য বলেছেন, ‘দল হিসেবে আমরা অনেক কিছু অর্জন করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সিরিজের শুরুতে যেটা বলেছিলাম যে আমার দলে আমি নিঃস্বার্থ ক্রিকেটার চাই। আমরা নিঃস্বার্থ দল হতে চাই। পান্ডিয়াও যেটা বলেছে, মাঠ ও মাঠের বাইরে আমরা একে অন্যের পারফরম্যান্স উপভোগ করতে চাই, যত বেশি পারি সময় কাটাতে চাই। পারস্পরিক আস্থা মাঠে দেখাতে চাই ও মজা করতে চাই। আমাদের দলে এমন কথাই হয়।’
তিনি আরও যোগ করেছেন, ‘শ্রীলঙ্কা সিরিজের শুরুতেও গৌতি ভাই (গৌতম গম্ভীর) একই কথা বলেছেন, কেউই দলের চেয়ে বড় নয়। আপনি ৯৯ রানে কিংবা ৪৯ রানে থাকুন না কেন, দলের জন্য যদি মনে হয়ে বলটি মাঠের বাইরে পাঠানো উচিত, আপনাকে মারতেই হবে। সঞ্জু এই কাজটাই করেছে। ওর জন্য অনেক খুশি।’
স্যামসন ছাড়া বাকিরাও এই সিরিজে দারুণ পারফর্ম করেছেন। প্রথমবারের মতো দলে জায়গা পেয়ে দ্বিতীয় ম্যাচে ৩৩ বলে ৭৪ রান করেছেন নীতিশ কুমার। তার ইনিংসটাও উদাহরণ যে ভারতের পাইপলাইনের ক্রিকেটাররা কতটা প্রস্তুত।