তৃতীয় দিন নিউজিল্যান্ডের বোর্ডে ৫৭ রান যোগ হতেই ২৫৫ রানে অলআউট হয়ে যায় তারা। শেষ ৫ উইকেট একঘন্টার ভেতর হারিয়ে ৩৫৮ রানের লিড দাঁড় করিয়েছে সফরকারীরা। ফলে ভারতের সামনে দ্বিতীয় টেস্ট জিততে লক্ষ্য ৩৫৯ রানের।
এই টেস্টে রাজত্ব চলছে স্পিনারদের। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ২৫৯ রানে অলআউট করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখেন ওয়াশিংটন সুন্দর। একাই শিকার করেন ৭ উইকেট। ভারতও তাদের প্রথম ইনিংসে ধরাশায়ী হয়েছে স্পিনের কাছে। মিচেল স্যান্টনারও নেন সমান ৭ উইকেট। ফলে ভারত অলআউট হয় ১৫৬ রানে।
নিউজিল্যান্ড ১০৩ রানের লিড পেয়ে আবারও ব্যাটিংয়ে নামলে দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেট হারিয়ে ১৯৮। দ্বিতীয় দিন শেষে লিড দাঁড়ায় ৩০১ রান। তৃতীয় দিনের একঘন্টাতেই ৫ উইকেট হারিয়ে ৩৫৮ রানের লিড নেয় দলটিও। এবারও স্পিনাররাই দাপট দেখায়। যেখানে সুন্দরের ৪, জাদেজার ৩ ও অশ্বিনের শিকার ২ উইকেট। একটি হয়েছে রান্আউট।
পুনের স্পিননির্ভর উইকেটে চতুর্থ ইনিংসে এই লক্ষ্য তাড়া করা সহজ নয় মোটেও। এর আগে, ২৬ বার ৩০০ এর বেশি লক্ষ্য ঘরের মাঠে তাড়া করতে নেমে মাত্র ১ বার জিতেছে ভারত। ২০০৮ সালে চেন্নাইতে ইংল্যান্ডের বিপক্ষে ৩৮৭ রানের লক্ষ্য তাড়া করেছিল তারা।
তিন শতাধিকের বেশি লক্ষ্য তাড়া করতে নেমে ভারত হেরেছে ১৪ ম্যাচ। টাই করেছে ১টি ও ড্র ৯ ম্যাচ। নিউজিল্যান্ডের বিপক্ষে এত রান তাড়া করে কেউই জয় পায়নি। তবে যশস্বী জয়সওয়ালের ঝোড়ো ব্যাটিংয়ে জয়ের জন্য খেলছে ভারত তা স্পষ্ট। নিউজিল্যান্ডকে অলআউট করে ১২ ওভার ব্যাটিং করে ১ উইকেট হারিয়ে ৮১ রান করেছে ভারত।
৮ রান করে রোহিত শর্মা আউট হলেও যশস্বী জয়সওয়াল ৩৬ বলে ৪৬ এবং শুভমান গিল ২০ বলে ২২ রান করে অপরাজিত আছেন ।