আর্জেন্টিনা ও পেরুর ম্যাচে বেশি ফাউল করেছে পেরু। আর্জেন্টিনার ১০টির বিপরীতে পেরু করেছে ১৮টি। যদিও পেরুর অধিনায়ক পাবলো গিরেরো অভিযোগ করেছেন, ফাউল আর্জেন্টিনাই বেশি করেছে। কিন্তু পক্ষপাতমূলক আচরণ করে রেফারি সেসব এড়িয়ে গেছেন।
এরচেয়েও গুরুতর দাবি করেছেন তিনি, লিওনেল মেসিকে আঙুল দিয়ে স্পর্শ করলেও নাকি ফাউল ডাকা হয়েছে। আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে হেরেছে পেরু। পেরু মোট ৩টি হলুদ কার্ড দেখেছে ম্যাচটিতে। দুইবার হুলিয়ান আলভারেজকে ফাউল করে আর একবার আলেক্সিস ম্যাক আলিস্টারকে ফাউলের দায়ে।
কিন্তু মেসিকে মেসিকে ফাউল করার কারণে কেউই কোনো কার্ড দেখেননি। রেফারির একাধিক ফাউলের সিদ্ধান্তে ক্ষুব্ধ পেরুর অধিনায়ক।
ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করে পেরুরু অধিনায়ক বলেন, ‘আমি জানি না আপনারা এই ম্যাচকে কীভাবে বিশ্লেষণ করবেন বা কী খুঁজে পাবেন। কিন্তু শারীরিকভাবে আমরা অনেক পিছিয়ে ছিলাম। রেফারি যখন ম্যাচে প্রভাব ফেলে, সেটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। তিনি আমাদের ওপর চাপ তৈরি করে গেছেন।’
৪০ বছর বয়সী এই অভিজ্ঞ ফুটবলার রেফারির পক্ষপাতিত্বের বিষয়টি বলতে গিয়ে উদাহরণ হিসেবে টেনেছেন আর্জেন্টাইন তারকা মেসির প্রসঙ্গ, ‘আমাদের ধাক্কা দেওয়া হয়েছে। কিন্তু একটা ফাউলও ডাকা হয়নি। কিন্তু আমরা যখন মেসিকে একটা আঙুল দিয়েও স্পর্শ করেছি, রেফারি ফাউল ডেকে বসেছেন। কেউ এ নিয়ে কিছুই বলেনি। কারণ ওটা মেসি ছিল।’
আর্জেন্টিনা ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে সবার বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে ওপরে অবস্থান করছে। ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে উরুগুয়ে। পেরু ৭ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে সবার নিচে।