আর্জেন্টিনার দুই কোপা আমেরিকা ও এক বিশ্বকাপ জয়ে গোলপোস্টের অতন্দ্র প্রহরী হিসেবে ছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। একসময় মূল একাদশে জায়গা না পাওয়া মার্তিনেজই এখন আর্জেন্টিনার সবচেয়ে বিশ্বস্ত গোলকিপার।
তার নৈপুণ্যেই আর্জেন্টিনা বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনালে জয় পেয়েছিল টাইব্রেকারে। এমনকি দুই কোপা আমেরিকাতেও টাইব্রেকারে জয় পাইয়ে দিয়েছিলেন তিনি দলকে।
আর্জেন্টিনার দারুণ সব অর্জনে মার্তিনেজের অবদান বড় করেই দেখা হয়। অভিজ্ঞ এই গোলকিপারের বর্তমান বয়স ৩২। বয়স ত্রিশ পেরিয়ে যাওয়ায় প্রশ্ন উঠছে কবে থামবেন এই আর্জেন্টনার তারকা। যেই প্রশ্নের উত্তরে মার্তিনেজ আরও একটি বিশ্বকাপ জয়ের স্বপ্নের কথা জানিয়েছেন।
দুদিন আগেই ফিফার বর্ষসেরা গোলকিপারের পুরস্কার জিতেছেন মার্তিনেজ। আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ের তৃতীয় বর্ষপূর্তিতে ১৮ ডিসেম্বর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএফ) তাদের এএফএ এস্তুদিও একটি ভিডিও প্রকাশ করেছে ‘এএফএ এস্তুদিও’ ইউটিউব চ্যানেলে। সেই ভিডিওতেই ২০২৬ বিশ্বকাপ জয়ের স্বপ্নের কথা জানিয়েছেন মার্তিনেজ।
এমিলিয়ানো মার্তিনেজ যেখানে নিজের অবসর নিয়েও কথা বলেছেন, ‘এমন কোনো দল আছে, যারা টানা দুবার বিশ্বকাপ জিতেছে?’ এরপর মার্তিনেজ বলেন, ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে তিনি সেটা করতে পারলে অবসর নেবেন, ‘আমি অবসর নেব, প্রতিশ্রুতি দিচ্ছি।’
কাতার বিশ্বকাপের ফাইনালের একেবারে শেষ মুহূর্তে খেলা যখন ৩-৩ সমতায়। ঠিক তখন কোলো মুয়ানির শট অবিশ্বাস্যভাবে ঠেকিয়ে দিয়ে বিস্ময়ের জন্ম দেন এই গোলকিপার। সেটির স্মৃতিচারণ করে মার্তিনেজ বলেন, ‘শপথ করে বলছি, আমি ওটার চেয়ে আরও ভালো সেভ করেছি। ওটার ক্ষেত্রে আমি চোখ বন্ধ করে (মনে মনে) বলেছিলাম, আমার মাথাটা উড়িয়ে দাও।’
মার্তিনেজ এরপর ব্যাখ্যা করেন, ‘আমি আড়াআড়িভাবে (কোলো মুয়ানির) সামনে এসে দাঁড়াই। বলটা বাউন্স করায় আমি হাত বাড়াই। সাধারণত আমি হাত নামিয়েই রাখি।’