গতকাল (১৪ জুলাই) শোয়েব বশিরের বল ডিফেন্স করেও ভাগ্যের কাছে হেরে যান মোহাম্মদ সিরাজ। পায়ের পেছন দিয়ে বল গিয়ে আঘাত করে স্টান্মপে। আর তাতে হেরে যায় ভারতও। ২২ রানে হেরে সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে সফরকারীরা।
যে শোয়েব বশির ভারতের কোটি ভক্তের হৃদয় ভেঙে দিয়েছেন, সেই শোয়েবই এবার ছিটকে গেলেন বাকি টেস্টগুলোর স্কোয়াড থেকে। লর্ডসে ম্যাচ জেতানো উইকেট নেওয়া বশিরের কনিষ্ঠ আঙুল ভেঙে গেছে। চলতি সপ্তাহের শেষেই তাই অস্ত্রোপচার করানোর কথা।
টেস্টের তৃতীয় দিন শোয়েব বশির চোট পান রবীন্দ্র জাদেজার ড্রাইভ করা বল নিজের বলেই থামাতে গিয়ে। সেই চোট নিয়ে ৯ বল ব্যাটিংও করেন তিনি। মাঠের বাইরে ছিলেন দলের ফিল্ডিংয়ের সময়ও। কিন্তু ভারতের দ্বিতীয় ইনিংসের ৫৫তম ওভারে তাকে মাঠে ফিরিয়ে বোলিংয়ে আনেন বেন স্টোকস।
আঙুলে স্প্লিন্ট ও মোটা ব্যান্ডেজ বেঁধে বশির গতকাল বল করেন ৫.৫ ওভার। ফিল্ডিংয়ের সময় বাম হাত লুকিয়ে দিয়েছেন ডাইভও। তার বলেই নাটকীয়ভাবে বোল্ড হয়েছেন মোহাম্মদ সিরাজ।
কিন্তু ম্যাচশেষে অধিনায়ক বেন স্টোকস জানালেন যে বশিরকে সিরিজের বাকি ম্যাচগুলোতে তারা পাচ্ছেন না, ‘বশিরের জন্য খবরটা ভালো নয়। আমাদের দলের জন্য, তার নিজের জন্য খুবই হতাশাজনক। বশির অনেক সাহস ও প্রতিশ্রুতি দেখিয়েছে, ব্যথা নিয়েও শেষ ইনিংসে ব্যাট করেছে, বেঞ্চে বসে অপেক্ষা করেছে—যখন প্রয়োজন পড়বে বল করতে যাবে। এটিই প্রমাণ করে, ইংল্যান্ডের জার্সি গায়ে চাপানো তার জন্য কত বড় প্রাপ্তি।’
বশিরের জায়গায় স্পিনার হিসেবে সুযোগ পেতে পারেন লিয়াম ডসন বা জ্যাক লিচ। ২৩ জুলাই শুরু হচ্ছে সিরিজের চতুর্থ টেস্ট, ওল্ড ট্রাফোর্ডে। সিরিজে আপাতত ২–১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড।