সালটা ২০১১। বাংলাদেশ সফর করেছিলেন লিওনেল মেসি। ভারত ছাড়াও লাল-সবুজ দেশে ঘুরে যান আর্জেন্টাইন সুপারস্টার। সময়ের স্রোতে ফুটবল জাদুকরকে আরও একবার কাছ থেকে দেখার সৌভাগ্য হতে চলেছে ভারতীয়দের। টাইমস অব ইন্ডিয়া নিশ্চিত করেছে, দ্বিতীয়বার ভারত সফরে আসছেন মেসি, ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে যোগ দিতে।
ভারতের ২০১১ সালের বিশ্বকাপ জয়ের স্মৃতি ধারণ করা ওয়াংখেড়ে স্টেডিয়াম বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী। এবার মেসির আগমন সেই ইতিহাসে একটি নতুন ও রঙিন অধ্যায় যোগ করবে। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) এক বিশ্বস্ত সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, ‘হ্যাঁ, মেসি ১৪ ডিসেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে অংশ নিতে আসছেন। আয়োজক প্রতিষ্ঠান উইজক্রাফ্ট ওই অনুষ্ঠানের অনুমতি চেয়েছিল এবং সম্প্রতি অনুষ্ঠিত এমসিএর এপেক্স কাউন্সিল মিটিংয়ে সেই অনুমতি দেওয়া হয়েছে।’ সূত্র আরও জানিয়েছে, ‘অনুষ্ঠানে কয়েকজন সুপারস্টার ক্রিকেটারও থাকতে পারেন।’
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত মেসি তিনটি শহর- কলকাতা, দিল্লি এবং মুম্বাই সফর করবেন। এই সফরের মূল উদ্দেশ্য হলো তার বর্ণাঢ্য ক্যারিয়ার এবং ফুটবলের প্রতি তার অবদান উদযাপন করা। কলকাতায় মেসিকে সংবর্ধনা দেওয়া হবে ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে, যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতা সফরে মেসি শিশুদের জন্য একটি ফুটবল কর্মশালার আয়োজন করবেন এবং একটি ফুটবল ক্লিনিক উদ্বোধন করবেন। তার সম্মানে ইডেনে একটি সেভেন-এ-সাইড ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও রয়েছে।