নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভরাডুবির পর ভারতের মাটিতে টেস্ট সিরিজের শুরুটাও সুখকর হলো না ওয়েস্ট ইন্ডিজের। সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে মোহাম্মদ সিরাজ ও জসপ্রিত বুমরাহর তোপে অলআউট হতে হয়েছে মাত্র ১৬২ রানে। মাত্র দুই সেশন ব্যাটিং করতে পেরেছে সফরকারীরা।
মোহাম্মদ সিরাজ ৪টি এবং বুমরাহ নেন ৩ উইকেট। ২ উইকেট নেন কুলদিপ যাদব এবং বাকি উইকেটটি নেন ওয়াশিংটন সুন্দর।
উইন্ডিজের কোনো ব্যাটারই সুবিধা করতে পারেনি ভারতের বোলারদের সামনে। শুরুতেই শূন্য রানে সাজঘরে ফেরেন ত্যাগনারায়ন চন্দরপল। অন্য ওপেনার জন ক্যাম্পবেল ফেরেন ৮ রান করে। তিনে নামা অ্যালিস আথানাজে ১২ ও ব্রেন্ডন কিং আউট হন ১৩ রান করে।
অধিনায়ক রস্টোন চেজ করেন ২৪ রান, শাই হোপ আউট হন ২৬ রান করে। সর্বোচ্চ ৩২ রান করেন জাস্টিন গ্রিভস। ৪৮ বলে ৩২ রান করে আউট হন তিনি।
ওয়েস্ট ইন্ডিজ অলআউট হলে চা-বিরতির ঘোষণা দেন আম্পায়াররা। বিরতির পর ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল ১২.৪ ওভার ব্যাটিং করার পর নামে বৃষ্টি। ভারতের বোর্ডে যোগ হয় ২৩ রান।
এই প্রতিবেদন লেখার আগপর্যন্ত ২৮ ওভারের খেলা শেষে ২ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করেছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এখনও পিছিয়ে ৬৬ রান।
জয়সওয়াল ৩৬ ও সাই সুদর্শন আউট হয়েছেন ৭ রান করে। রাহুল ৪১ ও অধিনায়ক শুভমান গিল অপরাজিত আছেন ৬ রান করে। ১টি করে উইকেট পেয়েছেন সিলস ও চেজ।
নিলয়/