ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা শুক্রবার (৩ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে।
চলতি শিক্ষাবর্ষে আইবিএর বিবিএ প্রোগ্রামের মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় ১২০ আসনের বিপরীতে ১০ হাজার ২৭৮ জন ভর্তিচ্ছু অংশ নেবে।
এ দিন সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে আইবিএর বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা।
এ দিকে পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করার কথা রয়েছে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের।
চলতি শিক্ষাবর্ষে আইবিএসহ চার ইউনিটে মোট আসন সংখ্যা ৬ হাজার ১৩০টি। এর বিপরীতে খেলোয়াড় কোটাসহ মোট আবেদন পড়েছে ৩ লাখ ২৯ হাজার ৭৫৪ জন। সেই হিসেবে এ বছর আসনপ্রতি লড়বেন ৫৫ জন ভর্তিচ্ছু।
বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির সূত্রে জানা যায়, চলতি শিক্ষাবর্ষে আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ লাখ ২৫ হাজার ৪৯৮টি।
বিজ্ঞান ইউনিটে মোট ১ হাজার ৮৯৬টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ লাখ ৪৬ হাজার ৮০২টি। ব্যবসায় শিক্ষা ইউনিটে মোট ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৪১ হাজার ৬টি এবং চারুকলা ইউনিটে মোট আসন ১৩০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৬০ হজার ৯৩টি।
শনিবার (৪ জানুয়ারি) চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। ওইদিন বেলা ১১টা থেকে শুরু হয়ে ওই পরীক্ষা চলবে সাড়ে ১২টা পর্যন্ত।
বিগত বছরগুলোর ন্যায় আইবিএ এবং চারুকলা ইউনিট ব্যতীত অন্য ৩টি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।
বিভাগীয় কেন্দ্রগুলো হচ্ছে- রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, কবি নজরুল বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
এর আগে, গত বছরের ৪ নভেম্বর থেকে শুরু হয় চলতি শিক্ষাবর্ষের ভর্তি আবেদন, যা চলে ২৭ নভেম্বর পর্যন্ত। এদিকে বিশ্ব ইজতেমার কারণে আগামী ১ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
এ ছাড়া ২৫ জানুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি https://admission.eis.du.ac.bd ওয়েবসাইটে দেখতে পারবেন শিক্ষার্থীরা।
আরিফ জাওয়াদ/নাবিল/